পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের রাষ্ট্রদূতদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই দিন সকালে তাঁর সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। এক দিনে গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সাংবাদিকদের জানান, দেশটির থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এ সময় দুই দেশের সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। তবে এর বাইরে বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।
তবে এসব বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ঘোষণার কথা রয়েছে। এই রায়কে কেন্দ্র করে কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।