রোহিঙ্গাদের বংশবিস্তার ঠেকাতে রাষ্ট্রীয় নীতি নিয়েছিল মিয়ানমার: আন্তর্জাতিক আদালত

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মহার কমানোর উদ্দেশ্যেই বিয়ে ও সন্তান নেওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল মিয়ানমার সরকার। রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে মামলার বহুল প্রতীক্ষিত রায় পাঠের সময় আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া এ পর্যবেক্ষণ তুলে ধরেন।
রোহিঙ্গাদের ওপর আরোপিত বিভিন্ন বিধিনিষেধ কীভাবে তাদের জন্মহারকে প্রভাবিত করেছে, তা ব্যাখ্যা করেন বিচারক। তিনি জানান, মিয়ানমার সরকার একটি আঞ্চলিক আদেশ জারি করেছিল। এর আওতায় ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত জনগোষ্ঠীর বিয়ের জন্য বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়। পাশাপাশি বিবাহিত দম্পতিদের সন্তান নেওয়ার সংখ্যা সর্বোচ্চ দুটিতে সীমিত করা হয়েছিল।
বিচারক ইওয়াসাওয়া বলেন, রোহিঙ্গাদের জন্মহার নিয়ন্ত্রণে এসব নীতি পুরোপুরি সফল না হলেও এর মূল উদ্দেশ্য ছিল ওই জনগোষ্ঠীর জন্মহার কমিয়ে আনা। মিয়ানমার নিজেও এ উদ্দেশ্যের কথা স্বীকার করেছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ‘এই পরিস্থিতিতে আদালত নিশ্চিত হয়েছে যে, ওই আদেশটি ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত একটি জবরদস্তিমূলক পদক্ষেপ। এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল অন্ততপক্ষে নিধন অভিযান চলাকালে ওই জনগোষ্ঠীর মধ্যে জন্মহার হ্রাস করা।’
আইসিজে বলেছে, অন্যান্য নিপীড়নমূলক পদক্ষেপের পাশাপাশি এ ধরনের নীতি রোহিঙ্গাদের বংশবিস্তার বন্ধ করে দেওয়ার রাষ্ট্রীয় উদ্দেশ্যেরও ইঙ্গিত দেয়।
বিচারক আরও বলেন, মিয়ানমারের সামরিক অভিযানের সময় যৌন সহিংসতাকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। রোহিঙ্গাদের সন্তান জন্মদানের ইচ্ছা ও সক্ষমতা শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করাই ছিল এসব সহিংসতার উদ্দেশ্য।
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়ন ও তথাকথিত ‘নিধন অভিযানের’ মুখে প্রাণ বাঁচাতে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে থেকে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিয়ে বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছেন।
রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতাকে গণহত্যা হিসেবে উল্লেখ করে এবং ১৯৪৮ সালের আন্তর্জাতিক গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে করা হয় মামলাটি।
২০২০ সালের জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন আদেশে রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারকে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন আদালত। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও শুনানি শেষে বৃহস্পতিবার ১৫ বিচারপতির সমন্বয়ে গঠিত আদালত মামলাটির রায় ঘোষণা করেন।
সূত্র: এএফপি, বিবিসি।