রমজানের আগে আলজেরিয়া থেকে খেজুর আমদানির উদ্যোগ

রমজানের কেনাকাটার চাপ শুরুর আগেই আগামী জানুয়ারির প্রথম দিকে দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর সরবরাহ নিশ্চিত করতে চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যে আলজেরিয়ার সরকারি ও বেসরকারি খাত থেকে সরাসরি খেজুর আমদানির বিষয়ে দেশটির রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে আলোচনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকে ভোক্তারা রমজানের কেনাকাটা শুরু করেন। তাই এর আগেই, জানুয়ারির শুরুতে খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানো প্রয়োজন।
বৈঠকে আলজেরিয়ার রাষ্ট্রদূত জানান, দেশটিতে এখন খেজুরের ভরা মৌসুম চলছে। বিপুল পরিমাণ খেজুর মজুত থাকায় প্রতিযোগিতামূলক দামে বাংলাদেশে সরবরাহের সুযোগ রয়েছে। এ বিষয়ে আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয় ইতিমধ্যে একটি প্রস্তাব পাঠিয়েছে।
এ ছাড়া দেশটির একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে। রাষ্ট্রদূত জানান, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা গেলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে খেজুরের চালান বাংলাদেশের বন্দরে পৌঁছানো সম্ভব।
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা চায় বাংলাদেশ
বৈঠকে বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সাম্প্রতিক আলজেরিয়া সফরের প্রসঙ্গ তুলে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি খাতে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ।
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের পুরোনো বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন বা যৌথ বাণিজ্য কমিটি গঠনের বিষয়েও একমত হন বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা।
দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন ও নিয়মিত বৈঠক আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়ম তুলে ধরেন রাষ্ট্রদূত। পাশাপাশি আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর দেশটিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশ নেওয়ার আমন্ত্রণ জানান তিনি।
সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা দ্রুত তৈরি করে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও আলজেরীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।