বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করতে আন্তর্জাতিক সহযোগিতা চান মন্ত্রী

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ জন্য দেশের বিমান চলাচল খাতের আধুনিকায়ন, নিরাপত্তা জোরদার, দক্ষ জনবল তৈরি এবং পর্যটন ও বিনিয়োগ সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সপ্তম এয়ার ট্রান্সপোর্ট সম্মেলনের ফাঁকে আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা এবং থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিতের সঙ্গে পৃথক বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী। গতকাল অনুষ্ঠিত এসব বৈঠকের তথ্য আজ ঢাকায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইসিএও কাউন্সিল প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশে আঞ্চলিক এভিয়েশন হাব প্রতিষ্ঠার লক্ষ্যে বিমান চলাচল খাতের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়াতে সংস্থাটির সহযোগিতা চান মন্ত্রী। বিশেষ করে আইসিএওর আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং জাতীয় বিমান চলাচল নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।
এভিয়েশন খাতে দক্ষ জনবল গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংশ্লিষ্ট শিক্ষা, বিশেষায়িত একাডেমিক কার্যক্রম ও পেশাগত প্রশিক্ষণ সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এম. রশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট বাংলাদেশের এভিয়েশন খাতের অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগের প্রশংসা করেন। বর্তমান সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি। পাশাপাশি বিমান চলাচলের যোগাযোগ ব্যবস্থায় রেডিও ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ব্যবস্থাপনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষের মধ্যে উচ্চপর্যায়ের সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অন্যদিকে, থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিত এবং দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক এয়ার চিফ মার্শাল মানাত চাভানাপ্রায়ুনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে কারিগরি সহযোগিতার অংশ হিসেবে সরকারি পর্যায়ে (জি-টু-জি) থাইল্যান্ডের ফ্লাইট ইন্সপেকশন ইউনিটের (এফআইইউ) সহায়তায় বাংলাদেশের নেভিগেশন সহায়ক যন্ত্রপাতির ফ্লাইট ক্যালিব্রেশন ও ফ্লাইট ভ্যালিডেশন কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক অনুরোধ জানান মন্ত্রী।
সংশ্লিষ্টদের আশা, এ ধরনের সহযোগিতা বাংলাদেশের বিমান চলাচলের নিরাপত্তা ও নেভিগেশন ব্যবস্থার নির্ভরযোগ্যতা বাড়ানোর পাশাপাশি কারিগরি সক্ষমতা উন্নয়নে ভূমিকা রাখবে।
মন্ট্রিল সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ এবং দেশের এভিয়েশন খাতকে আধুনিক ও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশের সম্ভাবনা আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।