সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পোশাকশিল্পে অস্থিরতা উসকে দিচ্ছে ষড়যন্ত্রকারীরা: জামায়াত আমির নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্ব জরুরি: রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন মিরপুরে যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশ: ডিএমপি ভাঙচুর-সহিংসতায় বাংলাদেশ ছেড়ে ভারতে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ অ্যাপলের সিইও হিসেবে প্রথম আয় প্রতিবেদন প্রকাশ করছেন জন টার্নাস রোদে ব্রণ কমে যাওয়ার অনুভূতি কি আসলে ত্বকের জন্য ক্ষতিকর? মুক্তির আগেই ৯০ কোটি রুপিতে বিক্রি শ্রদ্ধার ‘ইথা’র স্বত্ব ‘সীমান্তের ওপারের ইশারায় দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে’: সালাহউদ্দিন
  • ৮২ মিনিটে মেসির জাদু, ইন্টার মায়ামির নাটকীয় জয়

    ৮২ মিনিটে মেসির জাদু, ইন্টার মায়ামির নাটকীয় জয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগের দুই ম্যাচে গোলের দেখা পাননি লিওনেল মেসি। নিউ ইংল্যান্ড রেভোলুশনের বিপক্ষেও ৮২ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে শেষ পর্যন্ত তাঁর জাদুকরি গোলেই বদলে গেল ম্যাচের চিত্র। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল ইন্টার মায়ামি। এই জয়ে ২০২৭ সালের কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে খেলা নিশ্চিত করেছে দলটি।

    মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান ধরে রাখার লড়াইয়ে নিউ ইংল্যান্ডের মাঠে খেলতে নামে মায়ামি। ম্যাচে পিছিয়ে পড়েও অধিনায়ক মেসির অবদানে ঘুরে দাঁড়ায় দলটি। মায়ামির দুটি গোলেই সরাসরি অবদান রয়েছে তাঁর।

    এই জয়ে ৩৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। ৫৮ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে নিউ ইংল্যান্ড। নিয়মিত মৌসুমে দুই দলেরই বাকি আর একটি করে ম্যাচ। পয়েন্ট তালিকায় অবস্থান প্লে-অফের সমীকরণেও গুরুত্বপূর্ণ হওয়ায় জয়টি মায়ামির জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।

    ম্যাচের প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল নিউ ইংল্যান্ড। এ সময়ে তারা ছয়টি শট নেয় এবং পাঁচটি কর্নার আদায় করে। তবে মায়ামির রক্ষণ ভাঙতে না পারায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

    দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে ড্যানিয়েল গাজডাগের গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মায়ামি। ৬৪তম মিনিটে বক্সের ভেতর দুই প্রতিপক্ষকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শট নেন মেসি। তবে নিউ ইংল্যান্ডের গোলরক্ষক ম্যাট টার্নার সেটি ঠেকিয়ে দেন। ফিরতি বলে শট নেন হার্মান বের্তেরামে, কিন্তু গোললাইন থেকে বল ফিরিয়ে দেন ব্রুকলিন রেইন্স।

    চার মিনিট পরই সমতায় ফেরে মায়ামি। বক্সের বাইরে থেকে দারুণ চিপ করেন তেলাস্কো সেগোভিয়া। গোলমুখে হেড করে বলটি পেছনে থাকা বের্তেরামের দিকে বাড়িয়ে দেন মেসি। লাফিয়ে উঠে হেডে বল জালে পাঠিয়ে দেন মেক্সিকান ফরোয়ার্ড।

    ৮০তম মিনিটে বের্তেরামের আরেকটি হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে তিন মিনিট পর নিজের গোলেই দলকে এগিয়ে দেন মেসি। প্রায় ৩০ গজ দূর থেকে বল পেয়ে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের বাধা পেরিয়ে ড্রিবল করে এগিয়ে যান তিনি। বক্সের কাছে সেগোভিয়ার বুদ্ধিদীপ্ত পাসে আক্রমণের পথ তৈরি হলে দ্রুত বক্সে ঢুকে পড়েন মেসি। এরপর দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি।

    ম্যাচের শেষ দিকে আবারও বিপদে পড়ে মায়ামি। ৮৭তম মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে হেডে নিজেদের জালেই পাঠিয়ে দেন মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রে। তবে ভিডিও মনিটরে পরিস্থিতি পর্যালোচনা করে অফসাইডের সিদ্ধান্ত দেন রেফারি। ফলে সমতায় ফেরার সুযোগ পায়নি নিউ ইংল্যান্ড।

    এই জয়ে মেসির গোলসংখ্যা বেড়ে হয়েছে ২৬। এমএলএসের চলতি মৌসুমে গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। অ্যাসিস্টের তালিকায় ১৬টি নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। টানা তৃতীয়বার লিগের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জয়ের দৌড়েও এগিয়ে রয়েছেন আর্জেন্টাইন তারকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন