ফারজানা রুপার পক্ষে লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর অনুমতি চেয়ে আবেদন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন মামলায় ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বারসের দুই আইনজীবীকে দায়িত্ব পালনের অনুমতি দিতে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ফারজানা রুপার নিয়োজিত কৌঁসুলি ব্যারিস্টার মাহবুব শফিক বার কাউন্সিলের সচিব বরাবর এ আবেদন জমা দেন।
আবেদনে বলা হয়েছে, লন্ডনভিত্তিক ডাউটি স্ট্রিট চেম্বারসের আইনজীবী জোনাথন প্রাইস কেসি ও নিকিলা কৌশিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফারজানা রুপার পক্ষে শুনানিতে অংশ নেওয়ার অনুমতি চেয়ে গত ১ অক্টোবর ই-মেইলের মাধ্যমে বার কাউন্সিলে আবেদন করেন।
বিদেশি আইনজীবীদের অংশগ্রহণের আইনি ভিত্তি হিসেবে আবেদনে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার উল্লেখ করা হয়েছে। ওই ধারায় বলা হয়েছে, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এ যা-ই থাকুক না কেন, বার কাউন্সিলের পূর্বানুমতি সাপেক্ষে ট্রাইব্যুনাল বিদেশি আইনজীবীকে শুনানিতে অংশ নেওয়ার অনুমতি দিতে পারেন।
আবেদনে আরও বলা হয়, যুক্তিসংগত কারণ ছাড়া এ অনুমতি আটকে রাখার সুযোগ নেই। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীদের অংশগ্রহণের ক্ষেত্রে বার কাউন্সিলের অনুমতি একটি আবশ্যিক পূর্বশর্ত।
আইসিটি-বিডি মামলা নম্বর ০৫/২০২৬-এর আওতায় ফারজানা রুপা বর্তমানে কারাবন্দী রয়েছেন। আগামী ১ নভেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। বিচারিক কার্যক্রম এগিয়ে চলায় ন্যায়বিচারের স্বার্থে জরুরি ভিত্তিতে দুই ব্রিটিশ আইনজীবীকে অনুমতি দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বার কাউন্সিলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আবেদনের সঙ্গে ফারজানা রুপার স্বাক্ষরযুক্ত ওকালতনামা, দুই বিদেশি আইনজীবীর জীবনবৃত্তান্ত এবং তাঁদের পাঠানো ই-মেইল ও মূল আবেদনের অনুলিপি সংযুক্ত করা হয়েছে।