দিল্লি বিমানবন্দরে সিজেপির নেতা অভিজিৎ দীপকে আটক

ভারতের দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পরপরই ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে বিমান থেকে নামার পর তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে দলটি।
এক বিবৃতিতে সিজেপি এই আটকের নিন্দা জানিয়ে দাবি করেছে, দিল্লি পুলিশের এ পদক্ষেপ পূর্বপরিকল্পিত। দলটির ভাষ্য, শান্তিপূর্ণ বিক্ষোভে নেতৃত্ব দিতে আসা নেতাদের কর্মসূচিস্থলে পৌঁছানোর আগেই আটকের মাধ্যমে তাঁদের ভূমিকা সীমিত করার চেষ্টা করা হয়েছে।
বিবৃতিতে সিজেপি বলেছে, বিমান থেকে নামার পরপরই তিন নেতাকে আটক করা হয়েছে। দলটি এ ঘটনাকে চলাফেরার স্বাধীনতার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তাঁদের অবিলম্বে ও বিনা শর্তে মুক্তি দাবি করেছে।
তবে এ বিষয়ে দিল্লি পুলিশের বক্তব্য কিংবা আটক নেতাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।