নিজেদের শর্তেই খেলতে চাই, দাবার বোর্ড হতে নয়: শামা ওবায়েদ

বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে রয়েছে, যেখানে দেশের স্বার্থ ও মর্যাদা সমুন্নত রেখে বিশ্বের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ অন্য কোনো পক্ষের ভূরাজনৈতিক প্রতিযোগিতার ‘দাবার বোর্ড’ হতে চায় না; বরং নিজেদের স্বার্থ ও শর্তকে গুরুত্ব দিয়ে এগোতে চায়।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক অধিবেশনে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, মাথা উঁচু করে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্বে যেতে প্রস্তুত বাংলাদেশ। তবে সব ক্ষেত্রেই জনগণের স্বার্থকে পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হবে।
জ্বালানি নিরাপত্তার প্রসঙ্গ তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতিতে অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এর মধ্যে অপ্রত্যাশিত জ্বালানি সংকট এবং উপসাগরীয় দেশগুলোতে বসবাস ও কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নতুন উৎস ও সরবরাহের ক্ষেত্র খুঁজছে। একই সঙ্গে দেশের নিজস্ব গ্যাস ও এলএনজি উৎসের অনুসন্ধানেও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার ইতোমধ্যে এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে বলে জানান তিনি।
শামা ওবায়েদ আরও বলেন, জ্বালানি চাহিদা পূরণে সৌরবিদ্যুতের দিকেও নজর দেওয়া হচ্ছে। দেশের প্রতিটি নাগরিককে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আরও স্বনির্ভর করে তোলার লক্ষ্যেও কাজ চলছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে। দীর্ঘদিন ধরে তাদের আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতির ওপরও চাপ তৈরি হয়েছে। তবে মানবিক বিবেচনায় বাংলাদেশ এ বিষয়ে সহযোগিতাপূর্ণ ও সংবেদনশীল অবস্থান ধরে রেখেছে।
তিনি বলেন, রোহিঙ্গাদের সম্মানজনক, নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ তার অংশীদার, বন্ধু, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এ সংকটের কার্যকর সমাধানে সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক অংশীদারদের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের আয়োজন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।