ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার সতর্কতা

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকারের সময় কোনো তথ্য গোপন বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। মিথ্যা তথ্য দিলে ভিসা আবেদন বাতিলের পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে বলেও জানিয়েছে দূতাবাস।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিসা-সংক্রান্ত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, ভিসা আবেদনকারীদের অতীতে অভিবাসন আইন লঙ্ঘনের কোনো ঘটনা থাকলে তা কনস্যুলার কর্মকর্তাদের জানা থাকতে পারে। তাই ভিসা সাক্ষাৎকারের সময় কোনো তথ্য গোপন না করে সম্পূর্ণ সত্য তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, সাক্ষাৎকারে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি বা স্থায়ী নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন আবেদনকারী।
ভিসা প্রক্রিয়ায় আবেদনকারীদের দেওয়া তথ্যের ক্ষেত্রে সততা ও নির্ভুলতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে এ সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।