রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জানাজার নামাজের অজু দিয়ে কি অন্য নামাজ পড়া যাবে? গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য শেরপুরের দুই কিশোরী মনোনীত ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৭৬১ ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান ও জোবাইদা রহমান তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায় দু-একটি অঘটনে পুরো আলেম সমাজকে কাঠগড়ায় দাঁড় করানো হয়: শফিকুর রহমান ‘লজ্জা’র চরিত্রে নিজেকে বদলাতে ওজন কমিয়ে ট্রিটমেন্ট নিলেন নুসরাত ফারিয়া অপরাধে জড়ালে বিএনপিতে ব্যবস্থা নেওয়ার নজির পুরোনো: আলাল শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী
  • এনআইডি-পাসপোর্টের সঙ্গে যুক্ত হবে বিবাহ নিবন্ধনের তথ্য: আইনমন্ত্রী

    এনআইডি-পাসপোর্টের সঙ্গে যুক্ত হবে বিবাহ নিবন্ধনের তথ্য: আইনমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিবাহ নিবন্ধনের তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের তথ্যভান্ডারের সঙ্গে যুক্ত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এর মাধ্যমে অনলাইনে একজন ব্যক্তির বৈবাহিক অবস্থা যাচাই করা সম্ভব হবে বলে জানান তিনি।

    শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনলাইনে তালাক ও নিকাহ নিবন্ধন সফটওয়্যারের ব্যবহার বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

    মো. আসাদুজ্জামান বলেন, বিবাহ নিবন্ধন পুরোপুরি অনলাইনভিত্তিক করার কাজ চলছে। এক পর্যায়ে এই তথ্য এনআইডি ও পাসপোর্টের সঙ্গে যুক্ত করা হবে। বিভিন্ন সরকারি তথ্যভান্ডার কেন্দ্রীয়ভাবে যুক্ত হলে একজন নাগরিকের প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই করা সম্ভব হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সুযোগও বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

    আইনমন্ত্রী বলেন, অনলাইনে বিবাহ ও তালাকের তথ্য সংরক্ষিত থাকলে কোনো ব্যক্তি আগে কোথাও বিয়ে করেছেন কি না, তা সহজেই যাচাই করা যাবে। এক জায়গায় বিয়ে করার পর তথ্য গোপন করে অন্যত্র আবার বিয়ের চেষ্টা করলে আগের বিবাহের তথ্য অনলাইনে পাওয়া যাবে। এতে আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়েছে কি না, সেটিও যাচাই করা সহজ হবে।

    তার ভাষ্য, অনলাইনে বিবাহ নিবন্ধনের তথ্য ব্যবহারের মাধ্যমে বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রতিরোধেও সহায়তা পাওয়া যাবে। বিবাহের তথ্য জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় তথ্যের সঙ্গে যুক্ত করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বৈবাহিক অবস্থার তথ্য যাচাইয়ের সুযোগ তৈরি হবে।

    ভবিষ্যতে উত্তরাধিকার সংক্রান্ত বিরোধ কমাতেও এই ব্যবস্থা কাজে আসতে পারে বলে জানান আইনমন্ত্রী। তার মতে, কোনো ব্যক্তির মৃত্যুর পর স্ত্রী বা সন্তানদের পক্ষ থেকে একাধিক দাবি উঠলে নিবন্ধিত বিবাহের তথ্য যাচাই করে প্রকৃত তথ্য নির্ধারণ করা সম্ভব হবে। এতে এ ধরনের বিরোধ নিয়ে মামলা-মোকদ্দমার প্রবণতা কমার পাশাপাশি রাষ্ট্রের ওপরও চাপ কমতে পারে।

    বিদেশে থাকা বা বিদেশে যাওয়ার প্রয়োজন রয়েছে—এমন ব্যক্তিদের ক্ষেত্রেও ডিজিটাল বিবাহ নিবন্ধনের তথ্য কাজে লাগবে বলে জানান তিনি। কোনো ব্যক্তি বিদেশে গিয়ে স্ত্রীকে সঙ্গে নিতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনলাইনে বিবাহের তথ্য যাচাই করতে পারবে। এতে দাম্পত্য সম্পর্কের তথ্য যাচাইয়ের প্রক্রিয়াও সহজ হবে বলে জানান আইনমন্ত্রী।

    দেশের সব নিকাহ ও বিবাহ নিবন্ধককে পর্যায়ক্রমে ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার আওতায় প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, দেশের সব কাজিকে অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনের বিষয়ে প্রশিক্ষিত করা হবে। এর মাধ্যমে নিবন্ধন কার্যক্রমকে আধুনিক ও তথ্যনির্ভর করার পাশাপাশি দেশের যেকোনো এলাকার নাগরিকের নিবন্ধন তথ্য প্রয়োজন অনুযায়ী যাচাইয়ের সুযোগ তৈরি হবে।

    আইনমন্ত্রী বলেন, বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের নিবন্ধন ব্যবস্থাকেও আধুনিক করা হচ্ছে।

    এদিকে ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার বিষয়টি নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, ঢাকা শহরের সাব-রেজিস্ট্রারদের পদায়ন লটারির মাধ্যমে করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

    মো. আসাদুজ্জামান বলেন, ঢাকার সাব-রেজিস্ট্রাররা দীর্ঘদিন একই জায়গায় থাকায় বদলির সময় বিভিন্ন দিক থেকে তদবির আসে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ঢাকা শহরের মধ্যে সাব-রেজিস্ট্রারদের পোস্টিং লটারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। নিয়মনীতি অনুসরণ করেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন