রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জানাজার নামাজের অজু দিয়ে কি অন্য নামাজ পড়া যাবে? গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য শেরপুরের দুই কিশোরী মনোনীত ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৭৬১ ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান ও জোবাইদা রহমান তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায় দু-একটি অঘটনে পুরো আলেম সমাজকে কাঠগড়ায় দাঁড় করানো হয়: শফিকুর রহমান ‘লজ্জা’র চরিত্রে নিজেকে বদলাতে ওজন কমিয়ে ট্রিটমেন্ট নিলেন নুসরাত ফারিয়া অপরাধে জড়ালে বিএনপিতে ব্যবস্থা নেওয়ার নজির পুরোনো: আলাল শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী
  • মিথ্যা প্রচারণা নয়, ভুল ধরিয়ে দিলে সংশোধন করবে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

    মিথ্যা প্রচারণা নয়, ভুল ধরিয়ে দিলে সংশোধন করবে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকারের কাজে কোনো ভুল থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। তবে মিথ্যা তথ্য বা প্রচারণার মাধ্যমে সমালোচনা না করার আহ্বান জানিয়েছেন তিনি।

    শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) মিলনায়তনে অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।

    আবদুল মঈন খান বলেন, জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহি নিশ্চিত করেই কাজ করতে হবে। সরকারের কাজে কোনো ভুল বা ঘাটতি থাকলে তা তুলে ধরলে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সমালোচনার ক্ষেত্রে তথ্য ও বাস্তবতার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

    তিনি বলেন, সরকারের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক। দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত ও সম্মানজনক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করাই সবার লক্ষ্য হওয়া উচিত। সীমিত সম্পদের মধ্যেও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের সেবা করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

    সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম শুধু উন্নয়ন প্রকল্পকেন্দ্রিক না করে মাঠপর্যায়ের মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে।

    তিনি বিদ্যমান অবকাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণ জোরদার করার পাশাপাশি বর্জ্যকে সম্পদে পরিণত করা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোর ওপর গুরুত্ব দেন।

    মীর শাহে আলম বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাঠপর্যায়ের অবকাঠামো নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য পৃথক তহবিল ও প্রয়োজনীয় বরাদ্দ থাকা প্রয়োজন। বড় শহরগুলোয় বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি ছোট পৌরসভা ও উপজেলায় কম খরচে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চালুর ওপরও গুরুত্ব দেন তিনি।

    নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানির সরবরাহ বাড়ানো গেলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো সম্ভব হবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

    আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন