‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী

তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। এতে বাংলাদেশের অবস্থান, বৈশ্বিক পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরছেন তিনি।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’ প্রতিপাদ্যে এবারের সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। ৫ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন।
আন্তর্জাতিক এ সংলাপে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ এবং মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা।
সংলাপের বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, গণতন্ত্র ও সুশাসন নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগ, বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পাবে।