সামান্যতেই মেজাজ খারাপ? থাকতে পারে যে ৭ কারণ

চারপাশের মানুষের সামান্য কোনো কথাতেই বিরক্ত লাগছে? ছোটখাটো অসুবিধাতেও মেজাজ খারাপ হয়ে যাচ্ছে? এমনটা যদি ইদানীং নিয়মিত হতে থাকে, তাহলে এর পেছনে দৈনন্দিন জীবনযাপনের কিছু অভ্যাস বা মানসিক চাপ কাজ করতে পারে। খিটখিটে মেজাজকে অনেকেই সাধারণ বিষয় মনে করলেও এটি দীর্ঘস্থায়ী হলে ব্যক্তিগত সম্পর্ক, কাজ এবং দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলতে পারে।
খিটখিটে মেজাজের পেছনে থাকা সম্ভাব্য কয়েকটি কারণ জেনে নেওয়া যাক—
অপর্যাপ্ত ঘুম
পর্যাপ্ত ও ভালো মানের ঘুম না হলে শরীরের পাশাপাশি মেজাজেও প্রভাব পড়তে পারে। ঘুমের ঘাটতিতে ক্লান্তি, আবেগ নিয়ন্ত্রণে সমস্যা ও মনোযোগ কমে যাওয়ার মতো বিষয় দেখা দিতে পারে। ফলে ছোটখাটো বিষয়েও বিরক্তি তৈরি হতে পারে।
দীর্ঘস্থায়ী মানসিক চাপ
কাজের চাপ, অর্থনৈতিক দুশ্চিন্তা, পারিবারিক বা সম্পর্কের সমস্যা এবং নানা দায়িত্ব দীর্ঘ সময় ধরে মানসিক চাপ তৈরি করতে পারে। এই চাপ জমতে থাকলে সাধারণ সমস্যাও অনেক বেশি কঠিন বা বিরক্তিকর বলে মনে হতে পারে।
মানসিকভাবে অতিরিক্ত চাপে থাকা
একসঙ্গে অনেক কাজ, বার্তা, সিদ্ধান্ত ও দায়িত্ব সামলাতে হলে মানসিক ক্লান্তি তৈরি হতে পারে। তখন স্বাভাবিক কোনো অনুরোধ বা সামান্য বাধাও বিরক্তির কারণ হয়ে উঠতে পারে।
অতিরিক্ত স্ক্রিন টাইম
দীর্ঘ সময় সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদ বা বিভিন্ন ডিজিটাল কনটেন্টে ব্যস্ত থাকলে মস্তিষ্ক ক্রমাগত উদ্দীপনার মধ্যে থাকে। এর সঙ্গে ঘন ঘন নোটিফিকেশন ও নানা ধরনের বাধা যুক্ত হলে বিশ্রাম নেওয়া কঠিন হয়ে যেতে পারে। এতে মানসিক অস্থিরতা বাড়তে পারে।
সময়মতো না খাওয়া বা অপুষ্টি
দীর্ঘ সময় খাবার না খেলে অনেকের ক্ষুধা, দুর্বলতা ও ক্লান্তি দেখা দিতে পারে। এর প্রভাব মেজাজের ওপরও পড়তে পারে। নিয়মিত ও পুষ্টিকর খাবার খেলে শরীরে দিনের প্রয়োজনীয় শক্তি বজায় রাখতে সহায়তা করে।
শারীরিক পরিশ্রমের অভাব
নিয়মিত হাঁটা বা শরীরচর্চা শুধু শারীরিক স্বাস্থ্যের জন্য নয়, মেজাজ ভালো রাখতেও সহায়ক। দীর্ঘ সময় বসে থাকা এবং শারীরিকভাবে কম সক্রিয় থাকলে শরীরের পাশাপাশি মনেও অবসাদ বা অস্থিরতা তৈরি হতে পারে।
নিজের জন্য সময় না রাখা
একটানা কাজ, পরিবারের দায়িত্ব, অন্যের যত্ন নেওয়া কিংবা সবসময় ফোনে যুক্ত থাকার কারণে নিজের জন্য পর্যাপ্ত বিরতি নাও মিলতে পারে। বিশ্রাম ও মানসিকভাবে নিজেকে গুছিয়ে নেওয়ার সময় না থাকলে ধীরে ধীরে মানসিক ক্লান্তি বাড়তে পারে। এর প্রভাব আচরণ ও মেজাজেও দেখা দিতে পারে।
খিটখিটে মেজাজ যদি দীর্ঘদিন ধরে থাকে বা দৈনন্দিন জীবন ও সম্পর্কের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে শুরু করে, তাহলে এর কারণ খুঁজে বের করা জরুরি। ঘুম, খাবার, বিশ্রাম ও দৈনন্দিন অভ্যাসে পরিবর্তনের পরও সমস্যা থাকলে চিকিৎসক বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে।