ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বান এরদোয়ানের

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।
জাতিসংঘে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, বিশ্বের ১৯০টিরও বেশি দেশের মতামত মাত্র পাঁচটি দেশের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হয়ে থাকা ন্যায়সংগত নয়। তার মতে, বর্তমান ব্যবস্থার কারণে জাতিসংঘ বিশ্বের মানুষের প্রত্যাশা ও আস্থা পূরণে ব্যর্থ হচ্ছে।
নিরাপত্তা পরিষদকে আরও বিস্তৃত, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বশীল করার দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছেন এরদোয়ান। এবারও তিনি সংস্থাটির কাঠামো সংস্কারের ওপর গুরুত্ব দেন।
জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য প্রসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার লক্ষ্য নিয়ে ৮১ বছর আগে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় জাতিসংঘ তার মূল দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে এবং কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা হারাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
গাজার পরিস্থিতি নিয়েও কঠোর সমালোচনা করেন এরদোয়ান। তিনি বলেন, মানবিকতা, সহমর্মিতা ও ন্যায়বোধসম্পন্ন কোনো মানুষের পক্ষেই গাজায় চলমান পরিস্থিতির দিকে চোখ বন্ধ রাখা সম্ভব নয়।
ফিলিস্তিনি নেতাদের জাতিসংঘে অংশগ্রহণের বিষয়টিও ভাষণে তুলে ধরেন তিনি। যুক্তরাষ্ট্রের ভিসা-সংক্রান্ত সিদ্ধান্তের কারণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস টানা দুই বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সরাসরি উপস্থিত হতে পারেননি বলে উল্লেখ করেন এরদোয়ান। তিনি এটিকে ফিলিস্তিনিদের প্রতি গুরুতর অবিচার হিসেবে বর্ণনা করেন।
যেসব দেশ এখনো ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট। পাশাপাশি গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর কথাও বলেন তিনি।
গাজার বর্তমান পরিস্থিতিকে কঠোর ভাষায় সমালোচনা করে এরদোয়ান এটিকে ‘আমাদের সময়ের সবচেয়ে অমানবিক ও লজ্জাজনক আটক শিবির’ বলে মন্তব্য করেন।
গাজা ইস্যুতে তুরস্ক দীর্ঘদিন ধরে ইসরায়েলের সামরিক অভিযান ও নীতির সমালোচনা করে আসছে। আঙ্কারা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগও করে আসছে। তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র: রয়টার্স।