হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৭০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ২৭০ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১১৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ১ হাজার ১৫৭ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৯৭৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্তদের মধ্যে মারা গেছে আরও ১০১ জন।
এ নিয়ে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৮৫১ জনের।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ পর্যন্ত মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন হাম আক্রান্ত বা সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।