রাগ উঠলে নিজেকে সামলাবেন যেভাবে, জেনে নিন ১০ কৌশল

ছোটখাটো বিষয়েও কি হঠাৎ মেজাজ খারাপ হয়ে যায়? রাগের মুহূর্তে এমন কিছু বলে বা করে ফেলেন, যা পরে নিজেকেই অনুতপ্ত করে? রাগ মানুষের স্বাভাবিক আবেগ। তবে তা নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যক্তিগত সম্পর্ক, কর্মজীবন এমনকি শারীরিক ও মানসিক সুস্থতার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
রাগ পুরোপুরি এড়িয়ে যাওয়া সম্ভব নয়। বরং রাগের কারণ বুঝে নিজেকে নিয়ন্ত্রণ করার কৌশল রপ্ত করাই বেশি গুরুত্বপূর্ণ। রাগের সময় নিচের বিষয়গুলো অনুসরণ করতে পারেন।
১. প্রতিক্রিয়া জানানোর আগে একটু থামুন
রাগের সময় মাথা গরম থাকায় অনেক সময় না ভেবেই কথা বলে ফেলি। পরে সেই কথার জন্য অনুশোচনা হতে পারে। তাই উত্তেজিত অবস্থায় সঙ্গে সঙ্গে জবাব না দিয়ে কয়েক মুহূর্ত সময় নিন। নিজেকে শান্ত করার পর কথা বললে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।
২. শান্ত হয়ে নিজের কথা বলুন
রাগ কিছুটা কমে গেলে কী কারণে কষ্ট বা বিরক্তি হয়েছে, তা স্পষ্টভাবে জানান। তবে অভিযোগ বা আক্রমণাত্মক ভাষা ব্যবহার না করে নিজের অনুভূতি ও প্রয়োজনের কথা বলুন। এতে ভুল বোঝাবুঝি কমার পাশাপাশি সমস্যার সমাধানের সুযোগও তৈরি হয়।
৩. শরীরচর্চায় মন দিন
শারীরিক পরিশ্রম মানসিক চাপ কমাতে সহায়তা করতে পারে। রাগ বাড়তে থাকলে কিছুক্ষণ হাঁটা, দৌড়ানো বা পছন্দের কোনো ব্যায়াম করা যেতে পারে। এতে মন অন্যদিকে ফেরানোর পাশাপাশি শরীরও সক্রিয় থাকে।
৪. প্রয়োজন হলে কিছুটা দূরে সরে যান
রাগের পরিস্থিতি থেকে সাময়িকভাবে নিজেকে সরিয়ে নেওয়া অনেক সময় কার্যকর হতে পারে। কয়েক মিনিট নিরিবিলি থাকা, গভীর শ্বাস নেওয়া কিংবা অন্য কোনো কাজে মনোযোগ দেওয়া উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে। পরে শান্ত হয়ে পরিস্থিতিতে ফিরে আসুন।
৫. সমস্যার সমাধানে মনোযোগ দিন
কী কারণে রাগ হয়েছে, শুধু সেটি নিয়ে ভাবলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বরং সমস্যাটির সম্ভাব্য সমাধান খুঁজুন। কোন বিষয়টি আপনি পরিবর্তন করতে পারেন আর কোনটি আপনার নিয়ন্ত্রণের বাইরে—তা আলাদা করে দেখুন। সবকিছু নিজের ইচ্ছামতো পরিবর্তন করা সম্ভব নয়, এটি মেনে নেওয়াও রাগ নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ অংশ।
৬. ‘তুমি’ নয়, ‘আমি’ দিয়ে কথা বলুন
‘তুমি কখনো আমার কথা শোনো না’ বা ‘তুমি কোনো কাজই ঠিকমতো করো না’—এ ধরনের কথা অপর পক্ষকে আরও ক্ষুব্ধ করতে পারে। এর পরিবর্তে নিজের অনুভূতি প্রকাশ করুন। যেমন, ‘তুমি কাজে সাহায্য না করায় আমি চাপ অনুভব করছি।’ এতে দোষারোপের বদলে আলোচনার সুযোগ তৈরি হয়।
৭. পুরোনো ক্ষোভ জমিয়ে রাখবেন না
মনের মধ্যে দীর্ঘদিন রাগ বা ক্ষোভ পুষে রাখলে তা ধীরে ধীরে সম্পর্ক ও মানসিক স্বস্তির ওপর প্রভাব ফেলতে পারে। সম্ভব হলে সমস্যাটি নিয়ে খোলামেলা কথা বলুন এবং পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। ক্ষমা করতে পারা অনেক ক্ষেত্রে নিজের মানসিক শান্তির জন্যও গুরুত্বপূর্ণ।
৮. পরিস্থিতি হালকা করতে হাস্যরসের আশ্রয় নিন
উপযুক্ত সময়ে সামান্য হাস্যরস উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে। তবে কাউকে অপমান করা, বিদ্রূপ করা বা ব্যঙ্গ করার মাধ্যমে পরিস্থিতি হালকা করার চেষ্টা করবেন না। এতে উল্টো বিরোধ আরও বাড়তে পারে।
৯. শিথিল হওয়ার কৌশল চর্চা করুন
রাগের সময় ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়া, চোখ বন্ধ করে শান্ত কোনো দৃশ্য কল্পনা করা বা নিজেকে শান্ত করার মতো বাক্য মনে মনে বলা যেতে পারে। গান শোনা, ডায়েরি লেখা, মেডিটেশন বা যোগব্যায়ামের মতো অভ্যাসও মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে।
১০. প্রয়োজন হলে বিশেষজ্ঞের সাহায্য নিন
রাগ যদি বারবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, রাগের কারণে সম্পর্ক নষ্ট হয় বা এমন কিছু করে ফেলেন যার জন্য পরে অনুশোচনা হয়, তাহলে বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত। এ ধরনের পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা কাউন্সেলরের পরামর্শ নেওয়া যেতে পারে। প্রয়োজন অনুযায়ী পেশাদার সহায়তা রাগ নিয়ন্ত্রণের কার্যকর কৌশল গড়ে তুলতে সাহায্য করতে পারে।
রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু রাগের বশে কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন সেটিই গুরুত্বপূর্ণ। তাই রাগকে দমন না করে তা বুঝে নিয়ন্ত্রণ করার অভ্যাস গড়ে তুলুন।