ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় একদিনে ২,৩৭৭ মামলা, ডাম্পিং ৫৫৭ গাড়ি

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ২ হাজার ৩৭৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৫৫৭টি গাড়ি ডাম্পিং এবং ২১১টি গাড়ি রেকার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ডিএমপি। পরে সংস্থাটির মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে উত্তরা বিভাগে। সেখানে ৫৫টি বাস, ১টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৮১টি সিএনজি ও ১৭০টি মোটরসাইকেলসহ মোট ৫০৬টি মামলা করা হয়।
ওয়ারী বিভাগে ৫৭টি বাস, ৪৫টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ৪৩৩টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ২৮টি বাস, ১৯টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি ও ১৯৭টি মোটরসাইকেলসহ মোট ৩৮২টি মামলা করা হয়।
গুলশান বিভাগে ৪৮টি বাস, ৩টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ ৩২১টি মামলা করা হয়েছে। মিরপুর বিভাগে ১৯টি বাস, ৬টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ২৯৭টি মামলা হয়েছে।
লালবাগ বিভাগে ১১টি বাস, ৮টি ট্রাক, ২৫টি সিএনজি ও ১২৬টি মোটরসাইকেলসহ ২০৫টি মামলা করা হয়। তেজগাঁও বিভাগে ৯টি বাস, ৩টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৬৫টি মোটরসাইকেলসহ মোট ১৫২টি মামলা হয়েছে। অন্যদিকে রমনা বিভাগে ৪টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ২০টি মোটরসাইকেলসহ মোট ৮১টি মামলা করা হয়েছে।
ট্রাফিক আইন মেনে চলা নিশ্চিত করতে এবং রাজধানীতে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।