প্রেম নাকি লিমেরেন্স? যে লক্ষণগুলোতে বুঝবেন পার্থক্য

একটি মেসেজের অপেক্ষায় বারবার ফোন দেখা, প্রিয় মানুষটি কখন অনলাইনে এলেন তা খেয়াল করা, উত্তর দিতে দেরি হলে অস্থির হয়ে পড়া—আবার তার কাছ থেকে ছোট্ট একটি বার্তা এলেই মুহূর্তে মন ভালো হয়ে যাওয়া। কারও প্রতি আকর্ষণের শুরুতে এমন অনুভূতি অস্বাভাবিক নয়।
কিন্তু এই টান যদি ধীরে ধীরে এতটাই তীব্র হয়ে ওঠে যে দিনের বড় একটা সময় একজন মানুষকে ঘিরে চিন্তা, কল্পনা ও প্রত্যাশায় কেটে যায়, তখন বিষয়টি একটু ভিন্নভাবে দেখা দরকার। মনোবিজ্ঞানে এমন অভিজ্ঞতাকে বলা হয় লিমেরেন্স (Limerence)।
লিমেরেন্সকে সরাসরি প্রেমের আরেক নাম বলা যায় না। আবার কাউকে খুব ভালো লাগলেই সেটিকে লিমেরেন্স বলা ঠিক নয়। মূল পার্থক্য তৈরি হয় অনুভূতির তীব্রতা, অনিশ্চয়তা, নিয়ন্ত্রণের সক্ষমতা এবং দৈনন্দিন জীবনে এর প্রভাবের জায়গায়।
কখন ভালো লাগা অতিরিক্ত হয়ে উঠছে?
কাউকে পছন্দ হলে তার কথা মনে পড়া, তার সঙ্গে কথা বলতে চাওয়া কিংবা মেসেজ পেলে আনন্দ পাওয়া খুবই স্বাভাবিক। নতুন প্রেমের ক্ষেত্রেও আবেগ অনেক বেশি তীব্র হতে পারে।
সমস্যা তৈরি হয় যখন ওই মানুষটির কথা মাথা থেকে সরানো কঠিন হয়ে পড়ে। কাজের সময় বারবার পুরোনো কথোপকথন মনে পড়ছে, পড়াশোনার ফাঁকে তার সামাজিক যোগাযোগমাধ্যম দেখা হচ্ছে কিংবা ঘুমানোর সময়ও ভাবতে হচ্ছে—আজ সে এমন আচরণ করল কেন।
একপর্যায়ে দিনের উল্লেখযোগ্য সময় একজন মানুষকে ঘিরে চিন্তা করেই কেটে যেতে পারে। লিমেরেন্সের ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে ফিরে আসা চিন্তা, আবেগের দ্রুত পরিবর্তন, অতিরিক্ত আদর্শায়ন এবং অপর ব্যক্তির কাছ থেকে ভালোবাসার নিশ্চয়তা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা দেখা দিতে পারে।
একটি মেসেজেই কেন বদলে যায় মন?
লিমেরেন্সের অন্যতম বৈশিষ্ট্য হলো অনিশ্চয়তা।
সে কি আমাকে পছন্দ করে? আমার কথায় কি সে খুশি হয়েছে? আজ এতক্ষণ কথা বলল কেন? কাল এত আগ্রহ দেখিয়ে আজ চুপ কেন? মেসেজের উত্তর দিতে এত দেরি করছে কেন?
এ ধরনের প্রশ্ন বারবার মাথায় ঘুরতে পারে। একটি মেসেজ এলে মনে হতে পারে সব ঠিক আছে। কিছুক্ষণ বেশি কথা হলে সম্পর্কটি হয়তো নতুন দিকে যাচ্ছে—এমন আশাও তৈরি হতে পারে। আবার উত্তর দিতে দেরি হলেই শুরু হতে পারে দুশ্চিন্তা।
এভাবে অন্য একজনের আচরণ ধীরে ধীরে নিজের আবেগকে প্রভাবিত করতে শুরু করে। তার ভালো ব্যবহার আপনার দিন ভালো করে দেয়, আবার সামান্য দূরত্ব পুরো মেজাজ বদলে দিতে পারে।
বাস্তব মানুষ নাকি নিজের কল্পনার মানুষ?
লিমেরেন্সের ক্ষেত্রে আদর্শায়নও গুরুত্বপূর্ণ বিষয়। যার প্রতি আকর্ষণ তৈরি হয়েছে, তার ভালো দিকগুলোই বেশি চোখে পড়তে পারে। তার সীমাবদ্ধতা বা অপছন্দের আচরণ সহজেই উপেক্ষিত হতে পারে।
কারণ বাস্তব মানুষটির পাশাপাশি মনের মধ্যে তার একটি কল্পিত সংস্করণ তৈরি হয়ে যেতে পারে।
বাস্তবে হয়তো মানুষটি দিনে এক ঘণ্টা আপনার সঙ্গে কথা বলেন। কিন্তু কল্পনায় তিনি সারাক্ষণ উপস্থিত। ভবিষ্যতে সম্পর্কটি কোথায় যেতে পারে, একসঙ্গে জীবন কেমন হবে, তিনি আসলে কতটা ভালোবাসেন—এসব নিয়ে তৈরি হতে থাকে নানা কল্পনা।
ফলে বাস্তব সম্পর্কের চেয়ে সম্ভাব্য ভবিষ্যৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তখন মানুষটির বাস্তব সত্তার চেয়ে তাকে ঘিরে নিজের তৈরি করা গল্পের প্রতিই বেশি আকর্ষণ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।
প্রেম আর লিমেরেন্সের মূল পার্থক্য কোথায়?
প্রেমও গভীর ও তীব্র হতে পারে। প্রিয় মানুষটির কথা বারবার মনে পড়া, তার জন্য অপেক্ষা করা কিংবা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা—এসব স্বাভাবিক আবেগ।
তবে সুস্থ ভালোবাসায় সময়ের সঙ্গে সাধারণত পারস্পরিক বিশ্বাস ও নিরাপত্তাবোধ তৈরি হয়। সম্পর্কের বাস্তবতা ধীরে ধীরে পরিষ্কার হয় এবং মানুষটিকে তার ভালো-মন্দসহ জানার সুযোগ তৈরি হয়।
অন্যদিকে লিমেরেন্সে অনিশ্চয়তা বড় ভূমিকা রাখতে পারে। মানুষটি কাছে এলে তীব্র আনন্দ, দূরে গেলে অস্থিরতা এবং সামান্য মনোযোগে অতিরিক্ত আশাবাদ তৈরি হতে পারে। একইভাবে সামান্য অবহেলাও গভীর হতাশার কারণ হতে পারে।
অর্থাৎ বাস্তব সম্পর্কের চেয়ে ‘হয়তো একদিন’ ধরনের সম্ভাবনা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
তীব্র অনুভূতি মানেই কি মানসিক সমস্যা?
এখানে একটি বিষয় পরিষ্কার থাকা জরুরি—লিমেরেন্সকে বর্তমানে স্বীকৃত আলাদা মানসিক রোগ হিসেবে বিবেচনা করা হয় না।
মানুষের প্রেম, আকর্ষণ, আবেগ কিংবা কারও জন্য তীব্র আকুলতা স্বাভাবিক মানবিক অভিজ্ঞতা। তাই কাউকে খুব পছন্দ করা বা তার কথা বেশি মনে পড়লেই সেটিকে সমস্যা হিসেবে দেখা ঠিক নয়।
তবে কোনো অনুভূতি যদি দীর্ঘস্থায়ী হয়, নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে এবং কাজ, পড়াশোনা, ঘুম, সামাজিক সম্পর্ক বা স্বাভাবিক জীবনযাত্রায় উল্লেখযোগ্য প্রভাব ফেলে, তখন সেটিকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
‘ভুলে যাও’ বললেই কি সম্ভব?
কাউকে নিয়ে অতিরিক্ত ভাবছেন শুনলে কাছের মানুষ অনেক সময় সহজেই বলেন, ‘ভুলে যাও’ কিংবা ‘নিজের কাজে মন দাও’। কিন্তু অনিচ্ছাকৃত চিন্তা থাকলে বিষয়টি এত সহজ নাও হতে পারে।
লিমেরেন্সের মতো অভিজ্ঞতায় একজন ব্যক্তি হয়তো নিজেই ওই চিন্তা বন্ধ করতে চান, কিন্তু বারবার একই মানুষটির কথা মনে পড়ে। নিজের অজান্তেই সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেখা, পুরোনো ছবি বা কথোপকথন ঘাঁটা কিংবা প্রতিটি আচরণের অর্থ খোঁজার প্রবণতা তৈরি হতে পারে।
মনোবিজ্ঞানবিষয়ক সাময়িকী সাইকোলজি টুডে-তে লিমেরেন্স নিয়ে লেখা হয়েছে। সেখানে লেখক অরলি মিলার তাঁর পেশাগত অভিজ্ঞতায় এমন মানুষের কথা উল্লেখ করেছেন, যারা দীর্ঘ সময় ধরে এ ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। অনেকের ক্ষেত্রে ‘লিমেরেন্স’ শব্দটির সঙ্গে পরিচিত হওয়া নিজেদের অভিজ্ঞতা বোঝার ক্ষেত্রে সহায়ক হয়েছে।
লিমেরেন্স বুঝতে নিজেকে যেসব প্রশ্ন করবেন
নিজের অনুভূতিটি স্বাভাবিক আকর্ষণ, নাকি আরও জটিল কোনো অভিজ্ঞতা—তা বোঝার জন্য কয়েকটি প্রশ্ন ভেবে দেখা যেতে পারে।
- দিনের বড় একটি সময় কি ওই মানুষটির কথা ভেবেই কেটে যাচ্ছে?
- তার মেসেজ বা আচরণের ওপর কি আপনার মেজাজ অতিরিক্ত নির্ভর করছে?
- কাজ, পড়াশোনা, ঘুম বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো কি এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে?
- মানুষটির বাস্তব আচরণের চেয়ে তাকে নিয়ে নিজের কল্পনা কি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?
- তার সামাজিক যোগাযোগমাধ্যম বারবার দেখার প্রবণতা তৈরি হয়েছে কি?
- তার প্রতিটি কথা বা আচরণের মধ্যে বিশেষ কোনো অর্থ খুঁজছেন কি?
- এসব চিন্তা বন্ধ করতে চাইলেও কি পারছেন না?
এগুলোর বেশ কয়েকটির উত্তর যদি ‘হ্যাঁ’ হয় এবং বিষয়টি দীর্ঘদিন ধরে আপনার কষ্টের কারণ হয়ে থাকে, তাহলে সেটিকে হালকাভাবে না নেওয়াই ভালো। প্রয়োজন হলে মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সঙ্গে কথা বলা যেতে পারে।
ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলা নয়
প্রেম মানুষের জীবনে আনন্দ, নিরাপত্তা ও সম্পর্কের অনুভূতি তৈরি করতে পারে। তাই তীব্র আবেগ হলেই সেটিকে অস্বাভাবিক বলা ঠিক নয়।
তবে যখন একজন মানুষকে ঘিরে আপনার পুরো দিন, মেজাজ, কল্পনা ও ভবিষ্যৎ পরিকল্পনা আবর্তিত হতে শুরু করে এবং তার সামান্য আচরণেই আপনার ভালো থাকা বা খারাপ থাকা নির্ভর করে, তখন একটু থামা প্রয়োজন।
নিজেকে প্রশ্ন করা যেতে পারে—‘আমি কি মানুষটিকে ভালোবাসছি, নাকি তাকে ঘিরে তৈরি হওয়া এক অনিশ্চিত কল্পনার মধ্যে আটকে আছি?’
এই প্রশ্নের উত্তর সবসময় সহজ নয়। তবে নিজের অনুভূতির ধরন বুঝতে পারলে সম্পর্কের বাস্তবতা এবং নিজের মানসিক অবস্থাকেও আরও পরিষ্কারভাবে দেখা সম্ভব।
ভালোবাসা যত গভীরই হোক, সুস্থ ভালোবাসায় নিজের অস্তিত্ব হারিয়ে ফেলতে হয় না। বরং একজন মানুষকে ভালোবাসার পাশাপাশি নিজের জীবন, সময়, কাজ ও মানসিক সুস্থতার জায়গাটিও ধরে রাখা জরুরি।