ইউটিউবের ভিউ গণনায় নতুন নিয়ম, ভিডিও চালু হলেই হবে ভিউ

আগামী ২৪ আগস্ট থেকে ভিডিওর ভিউ গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে ইউটিউব। নতুন নিয়মে কোনো ভিডিও চালু হয়ে প্রথম ফ্রেম প্রদর্শিত হলেই সেটিকে একটি ভিউ হিসেবে গণনা করা হবে। অর্থাৎ দর্শক ভিডিও দেখা শুরু করার সঙ্গে সঙ্গেই ভিউ যোগ হবে।
একই নিয়ম ইউটিউবের লাইভ সম্প্রচারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। কোনো দর্শক লাইভে প্রবেশ করে সম্প্রচার দেখা শুরু করলেই সেটি ভিউ হিসেবে গণনা হবে। ফলে নতুন নিয়ম চালুর পর ভিডিও ও লাইভের প্রকাশ্য ভিউ সংখ্যা আগের তুলনায় দ্রুত বাড়তে দেখা যেতে পারে।
এতদিন ইউটিউব তাদের মূল ভিডিওর ভিউ গণনার সুনির্দিষ্ট পদ্ধতি প্রকাশ করেনি। তবে প্রচলিত ধারণা ছিল, দর্শক একটি ভিডিও নির্দিষ্ট সময়, বিশেষ করে প্রায় ৩০ সেকেন্ড দেখার পর সেটি ভিউ হিসেবে গণনা করা হয়।
ইউটিউব জানিয়েছে, বিভিন্ন ধরনের ভিডিওর জন্য আলাদা ভিউ গণনার পদ্ধতি থাকায় নির্মাতাদের মধ্যে মেট্রিক নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। নতুন নিয়মের মাধ্যমে সেই পার্থক্য কমিয়ে ভিডিওর প্রাথমিক রিচ বা দর্শকের কাছে পৌঁছানোর পরিমাণ সহজে বোঝার সুযোগ তৈরি করতে চায় প্ল্যাটফর্মটি।
ইউটিউব শর্টসের ক্ষেত্রে অবশ্য একই ধরনের ভিউ গণনা পদ্ধতি গত বছর থেকেই ব্যবহার করছে। নতুন নিয়ম কার্যকর হলে দীর্ঘ ভিডিওর ক্ষেত্রেও ভিউ গণনা টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মের পদ্ধতির সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হবে।
ভিউ বাড়লেও ওয়াচটাইম বাড়বে না
নতুন নিয়মে কোনো দর্শক ভিডিও চালু করে কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি বন্ধ করে দিলেও সেই প্লেব্যাক ভিউ হিসেবে যোগ হবে। ফলে প্রকাশ্য ভিউ সংখ্যা দ্রুত বাড়তে পারে। তবে এর অর্থ এই নয় যে ভিডিওর ওয়াচটাইমও একই হারে বাড়বে।
অর্থাৎ একজন দর্শক ভিডিও চালু করেই চলে গেলে তার প্লেব্যাক ভিউ হিসেবে গণনা হবে, কিন্তু তিনি ভিডিওটি কতক্ষণ দেখেছেন, সেই সময়টুকুই ওয়াচটাইমে যুক্ত হবে।
‘এংগেজড ভিউ’ থাকবে ইউটিউব স্টুডিওতে
নতুন নিয়ম চালু হলেও ইউটিউব আগের ধরনের ভিউ গণনার তথ্য পুরোপুরি বাদ দিচ্ছে না। নির্মাতারা ইউটিউব স্টুডিওর অ্যানালিটিক্সে ‘এংগেজড ভিউ’ নামে সেই মেট্রিক দেখতে পারবেন।
এর মাধ্যমে বোঝা যাবে, ভিডিও শুরু হওয়ার পর কতজন দর্শক আরও কিছুক্ষণ সেটি দেখেছেন। ফলে প্রকাশ্য ভিউ সংখ্যা ভিডিওর প্রাথমিক রিচ সম্পর্কে ধারণা দেবে, আর এংগেজড ভিউ দর্শকের প্রকৃত আগ্রহ ও ভিডিও ধরে রাখার ক্ষমতা বিশ্লেষণে বেশি কার্যকর হবে।
ভিউ নিয়ে বিভ্রান্তির আশঙ্কা
নতুন পদ্ধতিতে ভিউ সংখ্যা দ্রুত বাড়তে পারে বলে ভিডিওর জনপ্রিয়তা মূল্যায়ন নিয়ে বিভ্রান্তির আশঙ্কাও রয়েছে। বিশেষ করে স্বয়ংক্রিয় প্লে, বট বা ভুয়া ট্রাফিকের মাধ্যমে ভিউ বাড়ানোর সম্ভাবনা নিয়ে কনটেন্ট নির্মাতা ও দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
তবে ইউটিউবের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন পদ্ধতির মূল লক্ষ্য হলো বিভিন্ন ধরনের ভিডিওর ভিউ মেট্রিকের মধ্যে সামঞ্জস্য তৈরি করা এবং নির্মাতাদের জন্য দর্শক পৌঁছানোর হিসাব আরও সহজ করা।
প্ল্যাটফর্মটি আরও জানিয়েছে, ভিউ গণনার এই পরিবর্তনের ফলে নির্মাতাদের আয় বা ইউটিউব পার্টনার প্রোগ্রামের মনিটাইজেশন যোগ্যতায় সরাসরি কোনো পরিবর্তন আসবে না।