সরকারি সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

দুই দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে তিনি ঢাকা ত্যাগ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরকালে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জসিম আল-থানির সঙ্গে বৈঠক করবেন খলিলুর রহমান। এসব বৈঠকে বাংলাদেশ ও কাতারের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে। বিশেষ করে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।
এ ছাড়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো, বিনিয়োগের নতুন সুযোগ তৈরি এবং জ্বালানি নিরাপত্তা জোরদারের বিষয়েও মতবিনিময় হতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে কাতার দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অংশীদার। ফলে এলএনজি সরবরাহসহ জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে এবারের সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সফর শেষে বুধবার (১৯ আগস্ট) রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।