রুক্ষ চুলে অ্যাপেল সাইডার ভিনিগার, কতটা উপকারী?

অ্যাপল সাইডার ভিনিগার (এসিভি) সাধারণত খাবার ও স্বাস্থ্যচর্চায় ব্যবহারের জন্য পরিচিত। তবে বর্তমানে শ্যাম্পু, কন্ডিশনারসহ বিভিন্ন হেয়ার কেয়ার পণ্যের উপাদান হিসেবেও এর ব্যবহার বাড়ছে। চুলের উজ্জ্বলতা বাড়ানো, মাথার ত্বক পরিষ্কার রাখা কিংবা খুশকির সমস্যা কমাতে এটি উপকারী হতে পারে। তবে সবার মাথার ত্বকে অ্যাপল সাইডার ভিনিগার সমানভাবে সহনীয় নয়।
বিশেষজ্ঞদের মতে, যাঁদের মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক বা সংবেদনশীল, তাঁদের ক্ষেত্রে সরাসরি এসিভি ব্যবহার না করাই ভালো। এতে মাথার ত্বকে জ্বালাপোড়া, চুলকানি বা অস্বস্তি দেখা দিতে পারে।
ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিরুদ্ধে
অ্যাপল সাইডার ভিনিগারে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে। ফলে মাথার ত্বকে ব্যাকটেরিয়া বা ছত্রাকের অতিরিক্ত বৃদ্ধির ঝুঁকি কমাতে এটি সহায়ক হতে পারে। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় মাথার ত্বকে ঘাম ও তেল জমে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে।
তবে কোনো সংক্রমণ বা ত্বকের রোগের চিকিৎসা হিসেবে শুধু অ্যাপল সাইডার ভিনিগারের ওপর নির্ভর করা উচিত নয়।
মাথার ত্বকের পিএইচ ভারসাম্য
অ্যাপল সাইডার ভিনিগার অ্যাসিডিক হওয়ায় মাথার ত্বকের স্বাভাবিক পিএইচ ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে। সঠিকভাবে ব্যবহার করলে মাথার ত্বকে জমে থাকা অতিরিক্ত তেল ও প্রসাধনীর অবশিষ্টাংশ পরিষ্কার করতেও এটি সাহায্য করতে পারে।
চুলে ফিরতে পারে উজ্জ্বলতা
চুলে নিয়মিত বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহারের ফলে অনেক সময় চুলের ওপর পণ্যের অবশিষ্টাংশ জমে যায়। পাতলা করে ব্যবহার করা এসিভি সেই জমে থাকা স্তর কিছুটা পরিষ্কার করতে পারে। এতে চুল তুলনামূলক পরিষ্কার ও উজ্জ্বল দেখাতে পারে।
খুশকির ক্ষেত্রেও এটি কিছু মানুষের উপকারে আসতে পারে। তবে খুশকি যদি দীর্ঘস্থায়ী হয় বা মাথার ত্বকে প্রদাহ ও চুল পড়ার মতো সমস্যা দেখা দেয়, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
কীভাবে ব্যবহার করবেন?
অ্যাপল সাইডার ভিনিগার কখনোই সরাসরি মাথার ত্বক বা চুলে ব্যবহার করা উচিত নয়। বাজারে এসিভি সমৃদ্ধ শ্যাম্পু ও কন্ডিশনার পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা তুলনামূলক সহজ।
ঘরে ব্যবহার করতে চাইলে ভালোভাবে পানিতে মিশিয়ে পাতলা করে নিতে হবে। উদাহরণ হিসেবে, এক ছিপি অ্যাপল সাইডার ভিনিগার তিন কাপ পানিতে মিশিয়ে শ্যাম্পু করার পর চুলে ঢালা যেতে পারে। কয়েক মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে কন্ডিশনার ব্যবহার করা যায়।
তবে প্রথমবার ব্যবহারের আগে অল্প পরিমাণে ত্বকের ছোট একটি অংশে পরীক্ষা করে নেওয়া ভালো। জ্বালা, চুলকানি বা লালচে ভাব দেখা দিলে ব্যবহার বন্ধ করতে হবে।
চুলে রং করা থাকলেও এসিভি ব্যবহার করা যায়—তবে অতিরিক্ত ব্যবহার না করাই ভালো। বিশেষ করে শুষ্ক, ক্ষতিগ্রস্ত বা সংবেদনশীল মাথার ত্বকের ক্ষেত্রে ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া নিরাপদ।