ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ এআই ক্যামেরা, আইন ভাঙলেই জরিমানা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা ও স্বয়ংক্রিয় জরিমানা ব্যবস্থা চালু করা হয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে মোট ৪৯০টি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে এআই ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, ট্রাফিক আইন লঙ্ঘন, উল্টো পথে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিংসহ বিভিন্ন ধরনের অপরাধ শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করা হবে। মহাসড়কে যেখানে যে সাইন-সিগন্যাল দেওয়া রয়েছে, তা অমান্য করলেও সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ক্যামেরার মাধ্যমে শনাক্ত হওয়া অপরাধের তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিস্টেমে চলে যাবে। এরপর গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে জরিমানার তথ্য জানিয়ে বার্তা পাঠানো হবে।
পরবর্তীতে গাড়ির মালিক মোবাইল ফোন কিংবা নির্ধারিত অনলাইন সিস্টেম ব্যবহার করে জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সচেতনতা বাড়াতেও প্রচার
সড়কে আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা বাড়াতে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ পুলিশ বিভিন্ন উদ্যোগ নেবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রচারমাধ্যমে ট্রাফিক আইন ও নতুন ব্যবস্থার বিষয়ে জনগণকে জানানো হবে। মানুষকে সচেতন করা গেলে সড়কে শৃঙ্খলা আরও বাড়বে। এই উদ্যোগ থেকে যুগান্তকারী ফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
এ ছাড়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।