মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুত ইসি, ভোট ২০ আগস্ট ‘যুদ্ধ ও কূটনীতি—দুই ক্ষেত্রেই ইরান জিতেছে’, দাবি আরাঘচির মার্জিন ঋণে নতুন নিয়ম, গেজেট প্রকাশ করে বিধিমালা কার্যকর করল বিএসইসি স্থানীয় সরকার নির্বাচন: সিইসির সঙ্গে আইজিপির গুরুত্বপূর্ণ বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন নাকচ, ৭০ অনুচ্ছেদ নিয়েও রিট খারিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ এআই ক্যামেরা, আইন ভাঙলেই জরিমানা ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সতর্ক করল আইসিডিডিআর,বি বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ মাদকের গডফাদারদের ধরতে অভিযান জোরদার: কোস্ট গার্ড মহাপরিচালক বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের টিকিট শেষ অস্ট্রেলিয়ায়
  • রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

    রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার (১৮ আগস্ট)। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, বিকেল ৪টা পর্যন্ত বৈধ প্রার্থীরা চাইলে তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। এরপর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে ইসি।

    কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করলে আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

    ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সংসদ সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার পর তারা নির্ধারিত পদ্ধতিতে ব্যালটে স্বাক্ষর করে তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দেবেন।

    ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিকেল ৫টায় ভোট গণনা শুরু হবে। মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি বৈধ হয়েছে এবং প্রত্যেক প্রার্থী কত ভোট পেয়েছেন, তা ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। পরে সচিবালয়ে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

    প্রতিদ্বন্দ্বিতায় ফখরুল ও অলি আহমদ

    রাষ্ট্রপতি পদে এবার দুটি মনোনয়নপত্র জমা পড়েছে। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে। তাঁর মনোনয়নপত্রের প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।

    অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম প্রস্তাব করা হয়েছে। তাঁর মনোনয়নপত্রের প্রস্তাবক ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আব্দুল্লাহ আল আমিন।

    গত রোববার (১৬ আগস্ট) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি।

    সাহাবুদ্দিনের পদত্যাগের পর শুরু প্রক্রিয়া

    এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন।

    প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরই স্পষ্ট হবে, আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রয়োজন হবে কি না। একাধিক প্রার্থী থাকলে সংসদ সদস্যদের সরাসরি ভোটেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন