তেলের দাম না বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক রেখেছে সরকার: মাহদী আমিন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে দীর্ঘ সময় তেলের দাম না বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে সরকার দীর্ঘ সময় দেশের বাজারে তেলের দাম না বাড়িয়ে সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারে সিন্ডিকেট গঠন এবং কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময়ও শ্রমিক অসন্তোষ হয়নি বলে দাবি করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, শ্রমিক, মালিক, ট্রেড অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করা হয়েছে।
মাহদী আমিন আরও বলেন, দীর্ঘ সময় পর এবার দুই ঈদেই বড় ধরনের শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। সরকারের দৃঢ় পদক্ষেপ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগের কারণে শ্রমিকদের পাওনা পরিশোধ নিশ্চিত করা সম্ভব হয়েছে।