হাম পরিস্থিতি উদ্বেগজনক, একদিনে আরও ৪ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে নতুন করে ৭৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৯৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৬৮৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৪ জনে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন সিলেট বিভাগের এবং একজন ঢাকা বিভাগের বাসিন্দা।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৭১০ জনে। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৩১৮ জন।
একই সময়ে হাম আক্রান্ত সন্দেহে ৯৯ হাজার ২৪৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৫ হাজার ৫২৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম নিয়ন্ত্রণে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।