সরকারের পাঁচ মাস: আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

জনগণের ভোটে নির্বাচিত বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজ (শনিবার) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে সরকারের পাঁচ মাসের কর্মকাণ্ড, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি এবং সাম্প্রতিক অতি বৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় নেওয়া পদক্ষেপের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত থাকবেন।
প্রেস সচিব সালেহ শিবলী বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি সরকার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। গত পাঁচ মাসে সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে কী অগ্রগতি হয়েছে, তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, জনগণকে ক্ষমতায়ন করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জনগণকে অবহিত করা সরকারের দায়িত্ব বলেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এছাড়া সাম্প্রতিক ভারী বর্ষণ ও বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ সম্পর্কেও বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে। সেই সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।