একসঙ্গে গ্যালারিতে কৃতি-কবীর, প্রেম কি এবার প্রকাশ্যে?

বলিউড অভিনেত্রী কৃতি সেননের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। ভারত-ইংল্যান্ডের একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রবাসী ব্যবসায়ী কবীর বহিয়ার সঙ্গে একসঙ্গে উপস্থিত হওয়ার পর আবারও তাদের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।
বার্মিংহামে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে সাধারণ দর্শকদের মতোই গ্যালারিতে হাজির ছিলেন কৃতি ও কবীর। ম্যাচ চলাকালে কবীর বহিয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সেলফি শেয়ার করেন। ছবিতে তাদের সঙ্গে আরও এক বন্ধুকেও দেখা যায়।
সেদিন সবুজ ডোরাকাটা স্লিভলেস টপ, সাদা ট্রাউজার, কানে রিং, ছোট্ট পেনডেন্ট ও সানগ্লাসে নজর কাড়েন কৃতি। অন্যদিকে সাদা টি-শার্টের ওপর বাদামি লেদার জ্যাকেট পরে ছিলেন কবীর। টেলিভিশনের সরাসরি সম্প্রচারেও দুজনকে পাশাপাশি বসে খেলা উপভোগ করতে দেখা যায়। সেই দৃশ্যের ছবি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরপর থেকেই ভক্তদের মধ্যে আবারও শুরু হয়েছে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা। গত কয়েক মাস ধরেই কৃতি ও কবীরের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। বিভিন্ন সময়ে তাদের একই জায়গায় ঘুরতে যাওয়া, আলাদা পোস্টে একই লোকেশনের ছবি প্রকাশ এবং বিশেষ দিন উদযাপনের নানা ইঙ্গিত সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়।
২০২৪ সাল থেকেই কৃতি সেনন ও কবীর বহিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জনের সূত্রপাত। এরপর বন্ধুদের সঙ্গে আড্ডা, পারিবারিক অনুষ্ঠান এবং বিভিন্ন ব্যক্তিগত আয়োজনে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় সেই জল্পনা আরও জোরালো হয়।
তবে এত আলোচনার পরও কৃতি সেনন কিংবা কবীর বহিয়া—কেউই তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে বিষয়টি এখনো গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
বলিউডে এর আগেও অনেক তারকা সম্পর্কের বিষয়টি দীর্ঘদিন গোপন রেখেছেন এবং বিয়ের পর আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেছেন। তাই কৃতি-কবীরের সম্পর্ক নিয়েও ভক্তদের আগ্রহ এখনো তুঙ্গে। অনেকেই অপেক্ষা করছেন, কবে এই জুটি নিজেরাই সম্পর্কের বিষয়ে মুখ খুলবেন।