বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

মেট্রোরেলের বিজ্ঞাপনে ভ্যাট জটিলতা, এনবিআরের ব্যাখ্যা চাইল প্রতিষ্ঠান

মেট্রোরেলের বিজ্ঞাপনে ভ্যাট জটিলতা, এনবিআরের ব্যাখ্যা চাইল প্রতিষ্ঠান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মেট্রোরেলের ভেতরে বিজ্ঞাপন প্রচার থেকে অর্জিত আয়কে কর আইনে ‘বিজ্ঞাপন সেবা’ নাকি ‘স্থাবর সম্পত্তি ভাড়া’ হিসেবে গণ্য করা হবে— এ নিয়ে তৈরি হওয়া অস্পষ্টতা দূর করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে ব্যাখ্যা চেয়েছে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেড।

এনবিআর সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রতিষ্ঠানটি এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। চিঠিতে তারা দাবি করেছে, মেট্রোরেলে বিজ্ঞাপন প্রদর্শনের কার্যক্রমকে বিদ্যমান ভ্যাট আইনের আলোকে বিজ্ঞাপন সেবা হিসেবেই বিবেচনা করা উচিত।

বর্তমানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে চুক্তির ভিত্তিতে মেট্রোরেলের ভেতরে বিজ্ঞাপন পরিচালনা করছে অ্যানেক্স কমিউনিকেশনস। তবে ভ্যাট আইনের সংজ্ঞা নিয়ে দ্ব্যর্থতার কারণে কর নির্ধারণে জটিলতা সৃষ্টি হচ্ছে বলে প্রতিষ্ঠানটির দাবি।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, মেট্রোরেলের ট্রেন বা অভ্যন্তরীণ স্থানে বিজ্ঞাপন প্রদর্শন কোনো স্থাবর সম্পত্তি ভাড়া দেওয়ার বিষয় নয়। এটি মূলত নির্দিষ্ট দর্শকগোষ্ঠীর কাছে বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার একটি সেবা। বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান ট্রেনের ওপর কোনো মালিকানা বা একচেটিয়া নিয়ন্ত্রণও পায় না।

প্রতিষ্ঠানটি আরও উল্লেখ করেছে, ভারতের মেট্রোরেলসহ বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের কার্যক্রমকে বিজ্ঞাপন সেবা হিসেবে শ্রেণিবদ্ধ করা হয় এবং সেই অনুযায়ী কর আদায় করা হয়।

অ্যানেক্স কমিউনিকেশনসের দাবি, ‘স্থাবর সম্পত্তি ভাড়া’ ও ‘বিজ্ঞাপন সেবা’র ওপর ভ্যাটের হার আলাদা হওয়ায় বর্তমান অস্পষ্টতা ব্যবসা পরিচালনা ও কর পরিশোধ— উভয় ক্ষেত্রেই জটিলতা তৈরি করছে।

তাদের মতে, এ বিষয়ে এনবিআর দ্রুত স্পষ্ট ব্যাখ্যা বা নীতিমালা জারি করলে কর ব্যবস্থাপনা সহজ হবে, একই সঙ্গে মেট্রোরেলের বিজ্ঞাপন খাত আরও সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে এবং সরকারের রাজস্ব আহরণও বাড়বে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন