বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

স্কুল-বাসায় বছরে অন্তত একটি গাছ লাগাতে বললেন প্রধানমন্ত্রী

স্কুল-বাসায় বছরে অন্তত একটি গাছ লাগাতে বললেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এর অংশ হিসেবে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একই দিনে প্রায় ২ লাখ গাছের চারা রোপণ করা হচ্ছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর স্কুল কিংবা বাড়ির আশপাশে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেই গাছের উপকারিতা, পরিবেশে এর ভূমিকা এবং কী পরিমাণ অক্সিজেন উৎপাদন করে—এসব বিষয়ও জানার চেষ্টা করতে হবে।

তিনি বলেন, প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন গাছ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে। এতে তারা প্রতি বছর নতুন একটি গাছ সম্পর্কে জানতে পারবে এবং পরিবেশ বিষয়ে সচেতনতা আরও বাড়বে।

প্রধানমন্ত্রী বলেন, স্কুলে লাগানো গাছ বড় হলে শিক্ষার্থীরা তার ছায়ায় বিশ্রাম নিতে পারবে। একইভাবে বাড়ির আশপাশে গাছ লাগালে পরিবেশ শীতল হবে, নির্মল বাতাস পাওয়া যাবে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজকের দিনটিকে স্মরণীয় উল্লেখ করে তিনি বলেন, একসঙ্গে সারা দেশে বিপুল সংখ্যক গাছ রোপণের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করবে।

কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি বিষয়ক শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন।

এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন