বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সায়েন্সল্যাব অবরোধে দীর্ঘ যানজট, হেঁটে গন্তব্যে যাত্রীরা

সায়েন্সল্যাব অবরোধে দীর্ঘ যানজট, হেঁটে গন্তব্যে যাত্রীরা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাদের কর্মসূচির ফলে ধানমন্ডি–নিউমার্কেট এলাকার প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কয়েকশ শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ধানমন্ডি থেকে নিউমার্কেট এবং নিউমার্কেট থেকে ধানমন্ডিমুখী উভয় দিকের যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা সড়কে বসে ও দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের মধ্যে ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

অবরোধের কারণে বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। যানজটে আটকে পড়ে অনেক যাত্রী বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

শিক্ষার্থীরা জানান, বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে সারা দেশের পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বিক্ষোভ চলাকালে ঢাকা কলেজ ও সিটি কলেজের কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। এ সময় কিছু শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকদের বাকবিতণ্ডা হলেও পরে পরিস্থিতি শান্ত হয়।

অবরোধকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন