শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক গ্রেপ্তার, ১৪ দিনের জেল হেফাজত

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানা পুলিশ তাকে আটক করে আদালতে হাজির করলে আদালত তাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কর্মরত। অভিযোগকারী নারীও একই প্রতিষ্ঠানে কাজ করেন। অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল একটি কাজের সূত্রে তিনি অভিযুক্তের বাসায় গেলে সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে দাবি করেছেন।
ঘটনার প্রায় দুই মাস পর, ১২ জুন অভিযোগকারী চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে।
তদন্তের অংশ হিসেবে রোববার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক অজামিনযোগ্য ধারায় মামলা করা হয়েছে।
সোমবার তাকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের বিচারিক হেফাজতের নির্দেশ দেন।
এ ঘটনায় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশ পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি।