বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Natun Kagoj

রোমান্টিক ইমেজ বদলে নতুন চ্যালেঞ্জ খুঁজছেন পূর্ণিমা

রোমান্টিক ইমেজ বদলে নতুন চ্যালেঞ্জ খুঁজছেন পূর্ণিমা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘ ক্যারিয়ারে বেশিরভাগ সময়ই রোমান্টিক ও ইতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। তবে এবার সেই পরিচিত গণ্ডি ভেঙে সম্পূর্ণ ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে দেখতে চান তিনি।

সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে পূর্ণিমা জানান, ভবিষ্যতে সুযোগ পেলে তিনি খলনায়িকা বা নেতিবাচক চরিত্রে অভিনয় করতে আগ্রহী।

অভিনেত্রীর ভাষায়, ‘আমার খুব ইচ্ছে এমন একটি চরিত্রে অভিনয় করার, যেটি দেখে দর্শক সত্যিই ঘৃণা করবে। একজন অভিনেত্রী হিসেবে এমন চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে প্রমাণ করতে চাই।’

পূর্ণিমার মতে, তার কোমল চেহারা ও দীর্ঘদিনের রোমান্টিক ইমেজের কারণে নির্মাতারা কখনো তাকে নেতিবাচক চরিত্রে কাস্ট করার কথা ভাবেননি।

তিনি বলেন, ‘আমাকে সবাই রোমান্টিক ও পরিপাটি চরিত্রেই দেখতে অভ্যস্ত। হয়তো সে কারণেই কেউ খলচরিত্রের জন্য ভাবেননি। কিন্তু এখন আমি একেবারে ভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে চাই।’

একসময় বড় পর্দার ব্যস্ত অভিনেত্রী হলেও সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ে বেশ অনিয়মিত পূর্ণিমা। কয়েক বছর আগে দুটি ওটিটি কনটেন্টে অভিনয় করার পর তাকে মূলত বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান ও উপস্থাপনায় দেখা গেছে।

তবে নতুন এই ইচ্ছার কথা জানিয়ে পূর্ণিমা ইঙ্গিত দিয়েছেন, শক্তিশালী ও ব্যতিক্রমী কোনো চরিত্র পেলে তিনি আবারও নিয়মিত অভিনয়ে ফিরতে প্রস্তুত।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন