বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Natun Kagoj

আত্মহত্যা করলেন অভিনেতা জশ গ্রিসেত্তি

আত্মহত্যা করলেন অভিনেতা জশ গ্রিসেত্তি
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মার্কিন ব্রডওয়ে ও টেলিভিশন অঙ্গনের পরিচিত অভিনেতা জশ গ্রিসেত্তি আর নেই। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ১০ জুলাই মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জশ গ্রিসেত্তির মৃত্যু আত্মহত্যাজনিত। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অভিনেতার মৃত্যুর খবর প্রথম প্রকাশ করেন তার সহ-অভিনেতা রব ম্যাকব্লুর। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে তিনি লেখেন, "এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। জশকে হারানো আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।" একই সঙ্গে তিনি অভিনেতার পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুর আগে নিজের সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জশ গ্রিসেত্তি জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে একটি মিউজিক্যাল নাটকের উদ্বোধনী প্রদর্শনী থেকে সরে দাঁড়াচ্ছেন। এরপরই তার মৃত্যুর খবর সামনে আসে।

জশ গ্রিসেত্তির মৃত্যুতে শোক জানিয়েছে সংশ্লিষ্ট থিয়েটার ও সাংস্কৃতিক সংগঠনগুলো। এক বিবৃতিতে বলা হয়, তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক, সৃজনশীল ও সহকর্মীবান্ধব একজন শিল্পী। তার সহকর্মী, শিক্ষার্থী ও ভক্তরা তাকে দীর্ঘদিন মনে রাখবেন।

ব্রডওয়ের জনপ্রিয় মিউজিক্যাল ‘সামথিং রটেন!’-এ ‘নাইজেল বটম’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান জশ গ্রিসেত্তি। এছাড়া ‘ইট শুডা বিন ইউ’, ‘ব্রডওয়ে বাউন্ড’, ‘রেন্ট’, ‘পিটার অ্যান্ড দ্য স্টারক্যাচার’ এবং ‘এন্টার লাফিং’-সহ একাধিক সফল নাটকে অভিনয় করেছেন তিনি।

টেলিভিশনেও ছিল তার সফল উপস্থিতি। তিনি ‘দ্য মার্ভেলাস মিসেস মেজেল’, ‘দ্য গুড ফাইট’, ‘নার্স জ্যাকি’ এবং ‘দ্য নাইটস অব প্রসপারিটি’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিরিজে অভিনয় করেন। পাশাপাশি ‘দ্য নেমসেক’, ‘দ্য ইমিগ্র্যান্ট’, ‘রেভোলিউশনারি রোড’ এবং ‘মেন ইন ব্ল্যাক’-এর মতো চলচ্চিত্রেও কাজ করেছেন।

১৯৮১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে জন্ম নেওয়া জশ গ্রিসেত্তি ছোটবেলা থেকেই মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি কয়েকটি মিউজিক্যাল প্রযোজনাও পরিচালনা করেছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন