সংসদে ছাদ থেকে পানি পড়ার বিষয়টি তুলে ধরলেন হুইপ

জাতীয় সংসদ ভবনের বিভিন্ন স্থানে, বিশেষ করে মসজিদসহ কয়েকটি কক্ষে বৃষ্টির সময় ছাদ থেকে পানি চুইয়ে পড়ার বিষয়টি সংসদে তুলে ধরেছেন সরকারি দলের হুইপ জি কে গউছ। এ সময় বিষয়টির সত্যতা স্বীকার করে দ্রুত সংস্কারের আশ্বাস দেন সংসদ পরিচালনাকারী ডেপুটি স্পিকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন হুইপ জি কে গউছ।
তিনি বলেন, সংসদ ভবনের মসজিদে বৃষ্টির পানি চুইয়ে পড়ায় সেখানে অস্থায়ীভাবে বালতি রাখা হয়েছে। এমন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় এ ধরনের পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি দ্রুত প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার আহ্বান জানান।
জবাবে ডেপুটি স্পিকার জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। তিনি বলেন, সংসদ ভবনের কয়েকটি স্থানে ছাদ থেকে পানি পড়ার সমস্যা রয়েছে এবং সেটি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরে চিফ হুইপ সংসদকে জানান, বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে সংস্কারকাজ শুরু হয়েছে এবং দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীও জানান, সংসদ ভবনের ছাদ সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, চলমান কাজ দ্রুত শেষ করে স্থায়ীভাবে পানি চুইয়ে পড়ার সমস্যা দূর করা হবে।