বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সংরক্ষিত এমপিদের এলাকা পুরো বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত এমপিদের এলাকা পুরো বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের দায়িত্ব ও কার্যপরিধি নিয়ে ওঠা প্রশ্নের জবাবে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সংরক্ষিত নারী আসনের সদস্যদের দায়িত্ব কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নয়; তাদের কার্যপরিধি পুরো বাংলাদেশজুড়ে বিস্তৃত। একই সঙ্গে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার আশঙ্কার অভিযোগও নাকচ করেছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে বিরোধী দলের সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেন, সরকারি দলের এক সংরক্ষিত নারী সংসদ সদস্য দুটি নির্বাচনী এলাকাকে নিজের ‘অতিরিক্ত দায়িত্ব’ হিসেবে উল্লেখ করেছেন। এ নিয়ে স্থানীয় পর্যায়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং নির্বাচিত সংসদ সদস্যদের ভূমিকা খাটো করে দেখা হচ্ছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, শুধুমাত্র বিরোধী দলের জয়ী আসনগুলোতে এ ধরনের দায়িত্ব দেওয়ার মাধ্যমে কোনো ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা হচ্ছে কি না।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের আওতায় না পড়লেও জনস্বার্থে ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। তিনি সংবিধানের ৬৫ অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, জাতীয় সংসদে ৩০০টি সাধারণ আসনের পাশাপাশি ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। সাধারণ আসনের সদস্যদের নির্দিষ্ট ভৌগোলিক নির্বাচনী এলাকা থাকলেও সংরক্ষিত আসনের সদস্যদের ক্ষেত্রে এমন কোনো সীমাবদ্ধতা নেই।

মন্ত্রী বলেন, সংরক্ষিত নারী এমপিদের নির্বাচনী এলাকা পুরো বাংলাদেশ। তাই তারা নিজেদের কোনো নির্দিষ্ট এলাকার প্রতিনিধি হিসেবে উপস্থাপন করলে তা সংবিধানের ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ দেশের যেকোনো অঞ্চলে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। ফলে তাদের দায়িত্ব ও কার্যক্রম সমগ্র দেশের জন্য প্রযোজ্য, কোনো নির্দিষ্ট সংসদীয় আসনের জন্য নয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন