জনস্বার্থে পেশাদার পুলিশিংয়ের ওপর জোর দিলেন ডিএমপি কমিশনার

ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে পুলিশ সদস্যদের নিরপেক্ষ, পেশাদার ও জনবান্ধবভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। একই সঙ্গে রাজধানীতে অবৈধ অস্ত্র, ছিনতাই, মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৩ জুলাই) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে জুন ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, অপরাধীর কোনো দল, মত বা সামাজিক পরিচয় নেই। তাই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগে কোনো ধরনের পক্ষপাতের সুযোগ নেই। প্রতিটি পুলিশ সদস্যকে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি থানার আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। অপরাধ সংঘটনের সুযোগ রোধে মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখারও নির্দেশ দেন তিনি।
মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, দায়িত্বশীল ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে। তবে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ বা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আশা প্রকাশ করেন, সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণের আস্থা অর্জনে ডিএমপি সফল হবে।
সভা শেষে জুন মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কমিশনার।