ঢাকার ৪১৬ বছর পূর্তি, জমকালো উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা পৌরসভার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে আগামী ১ আগস্ট থেকে সাত দিনব্যাপী ‘ঢাকা উৎসব’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। এ সময় তিনি রাজধানীবাসীকে উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।
আব্দুস সালাম বলেন, আগামী ১ আগস্ট ঢাকা পৌরসভার ৪১৬ বছরপূর্তি। এ উপলক্ষে ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই ‘ঢাকা উৎসব’ আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান উৎসবের উদ্বোধনে সম্মতি দিয়েছেন।
তিনি আরও বলেন, ঢাকার কৃষ্টি, সাহিত্য, ইতিহাস ও ঐতিহ্যকে মানুষের মাঝে নতুনভাবে পরিচিত করে তুলতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিএসসিসি জানায়, ‘ঢাকা দিবস’ উপলক্ষে ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
উৎসবের প্রথম দিনে লালবাগ কেল্লা থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এছাড়া আদি ঢাকার ঐতিহ্যবাহী খাবারের স্টল, পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম, ঘুড়ি উৎসব, নৌকাবাইচ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আশা, এই আয়োজনের মাধ্যমে রাজধানীর ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও ব্যাপকভাবে তুলে ধরা সম্ভব হবে।