দিল্লির বিমসটেক বৈঠকে যোগ দিচ্ছে ঢাকা, পর্যবেক্ষণে থাকবে ভারত

বিমসটেকের (বঙ্গোপসাগরীয় বহুখাতভিত্তিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ) ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স (এনএসএ) বৈঠকে অংশ নিতে আগামী ১৬ জুলাই ভারতের নয়াদিল্লি সফরে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি ইতোমধ্যে কূটনৈতিক মাধ্যমে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
কূটনৈতিক সূত্র বলছে, বর্তমানে বাংলাদেশ বিমসটেকের চেয়ারম্যান দেশ হওয়ায় এ বৈঠকে অংশগ্রহণ শুধু কূটনৈতিক নয়, প্রাতিষ্ঠানিক দায়িত্বেরও অংশ।
তবে সফরকে ঘিরে ভারতের আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে ঢাকা। বিশেষ করে প্রতিনিধি দলের প্রতি আন্তর্জাতিক কূটনৈতিক রীতি, রাষ্ট্রীয় প্রোটোকল ও প্রয়োজনীয় সৌজন্য যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।
এর আগে দিল্লি সফরকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমানের সঙ্গে বিমানবন্দরে ঘটে যাওয়া অসৌজন্যমূলক আচরণের ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আলোচনায় আসে। ওই ঘটনার ব্যাখ্যায় ভারত সন্তোষজনক জবাব দিতে পারেনি বলে মনে করে বাংলাদেশ এবং ঢাকা আনুষ্ঠানিকভাবে সেই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রের মতে, আসন্ন বিমসটেক বৈঠক শুধু একটি বহুপক্ষীয় নিরাপত্তা সংলাপ নয়; বরং দুই দেশের পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক মূল্যায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। সফর চলাকালে ভারতের আচরণ ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর, রাষ্ট্রীয় যোগাযোগ এবং অন্যান্য দ্বিপক্ষীয় কূটনৈতিক কার্যক্রমের ওপর প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।