বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

প্রধানমন্ত্রীর ফোনের পর বদলে গেল এইচএসসি কেন্দ্র, বাড়ল পরীক্ষার সময়

প্রধানমন্ত্রীর ফোনের পর বদলে গেল এইচএসসি কেন্দ্র, বাড়ল পরীক্ষার সময়
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কুমিল্লা নগরীর জলাবদ্ধতার মধ্যে থাকা এইচএসসি পরীক্ষার কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোনের পর শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে জলাবদ্ধতার কারণে দেরিতে কেন্দ্রে পৌঁছানো পরীক্ষার্থীদের জন্য ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শফিকুল ইসলাম।

এর আগে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের ভোগান্তির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুকে ফোন করে পরিস্থিতির খোঁজ নেন।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক জানান, প্রধানমন্ত্রী পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে কেন্দ্র পরিবর্তন ও পরীক্ষার সময় ৩০ মিনিট বাড়ানোর বিষয়টি তাকে জানানো হয়।

এর আগে সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা বৃষ্টিতে কুমিল্লার মনোহরপুর এলাকার সরকারি মহিলা কলেজ কেন্দ্র জলমগ্ন হয়ে পড়ে। এতে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। কয়েকজন শিক্ষার্থীকে নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেখা যায়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার মাত্র তিন ঘণ্টায় কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অতিবৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় পানি জমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। অনেক বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েন নগরবাসী।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন