দেশ গড়ার পথে বাধার কাছে নতি স্বীকার করবে না সরকার: প্রধানমন্ত্রী

দেশ পুনর্গঠনের কাজে সরকার কোনো বাধার কাছে নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের সমর্থন থাকলে সরকার উন্নয়ন ও পুনর্গঠনের কর্মসূচি বাস্তবায়নে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে ফ্যামিলি কার্ডধারী নারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও পুনর্গঠনে জনগণই বিএনপির সবচেয়ে বড় শক্তি। জনগণের আস্থা ও সমর্থন থাকলে কোনো বাধাই সরকারের অগ্রযাত্রা থামাতে পারবে না। দল-মত, ধর্ম ও পেশা নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধাভোগী কয়েকজন নারী তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, এ কর্মসূচির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় সহায়তা পেয়ে সংসার পরিচালনায় কিছুটা স্বস্তি এসেছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের উদ্দেশ্য হলো দেশের নারী ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করা। তিনি আশা প্রকাশ করেন, পর্যায়ক্রমে আরও বেশি মানুষের কাছে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী করে তুলতে সরকার কাজ করছে। এ ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য একটি নিরাপদ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের অঙ্গীকার।
ধর্মীয় সম্প্রীতির বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ। সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে চায় সরকার।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরিশাল নগরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে রওনা হন।