বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বরিশালে পৌঁছে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রধানমন্ত্রী

বরিশালে পৌঁছে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রধানমন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বরিশালে সরকারি সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতেই তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমেও উপস্থিত থাকেন।

সোমবার (১৩ জুলাই) ভোরে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল সাড়ে ৯টার দিকে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী। এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফর।

সফরসূচি অনুযায়ী, গৌরনদীতে পৌঁছে তিনি সরিকল-বাটাজোর খালপাড়ে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়ও করেন, যা শেষ মুহূর্তে সফরসূচিতে যুক্ত করা হয়।

পরে প্রধানমন্ত্রী বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে তিনি জিআই স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেল গাছের চারা রোপণ করবেন। পাশাপাশি খালপাড়জুড়ে দেশীয় ফলজ, বনজ ও ফুলের গাছের চারা লাগানোর কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।

বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী, বরিশাল সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ দলীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

সফর উপলক্ষে দলীয়ভাবে কোনো তোরণ, ব্যানার বা ফেস্টুন ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর পরিবর্তে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের দুই পাশে মানবপ্রাচীর তৈরি করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন বিএনপির নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দারা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের এটি প্রথম বরিশাল সফর। তাই নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ রয়েছে। তবে জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন কোনো আয়োজন করা হয়নি।

বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা, যান চলাচল, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সার্বিক সমন্বয়সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তাও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রথম বরিশাল সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ সফর থেকে বরিশালের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে। কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন