মুজিববর্ষ উপলক্ষে ব্যয়ের খতিয়ান সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচিতে সরকারের মোট ব্যয়ের তথ্য জাতীয় সংসদে তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, ছবি, বেদী, মূর্তি নির্মাণসহ বিভিন্ন আয়োজন মিলিয়ে ব্যয় হয়েছে প্রায় ৯৮৩ কোটি টাকা।
রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য দেন অর্থমন্ত্রী।
সংসদ সদস্য জানতে চান, মুজিববর্ষ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদী নির্মাণ, সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি স্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সরকারের মোট কত অর্থ ব্যয় হয়েছে এবং এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ রয়েছে কি না।
জবাবে অর্থমন্ত্রী জানান, মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে পরিচালিত কর্মসূচি, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদী নির্মাণ, সরকারি দপ্তরে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি স্থাপন এবং সময় গণনার ডিজিটাল বোর্ড নির্মাণসহ বিভিন্ন খাতে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে।
তিনি আরও জানান, এ সংক্রান্ত ‘মুজিববর্ষ উদযাপন বাবদ ব্যয় বিবরণী’ শীর্ষক একটি বিস্তারিত প্রতিবেদনও লিখিত উত্তরের সঙ্গে জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।