বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

জলাবদ্ধতা মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ

জলাবদ্ধতা মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা মোকাবিলায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, সংস্থা ও মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।

রোববার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে বিভিন্ন জেলার জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি, ক্ষয়ক্ষতি, আশ্রয়কেন্দ্রের অবস্থা, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং চিকিৎসাসেবার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগকালে মানুষের জীবন ও সম্পদ রক্ষা প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। তিনি দ্রুত ক্ষতিগ্রস্তদের কাছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

এ ছাড়া আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখার ওপর গুরুত্ব দেন তিনি। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং গর্ভবতী নারীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগের সুযোগ নিয়ে যেন কেউ চুরি, ডাকাতি, মজুতদারি, ত্রাণ আত্মসাৎ বা অন্য কোনো অপরাধে জড়াতে না পারে, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

সভায় নদ-নদীর পানির স্তর, আবহাওয়ার পূর্বাভাস, উদ্ধার কার্যক্রম এবং বিভিন্ন সংস্থার সমন্বিত প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।

বৈঠকে চট্টগ্রামের কর্মকর্তারা জানান, সেখানে জলাবদ্ধতা ধীরে ধীরে কমছে। তবে সিলেটে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি জটিল হচ্ছে এবং রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এসব তথ্যের ভিত্তিতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম ও প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন