বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

আইএমএফ, ভিসা নীতি ও অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অর্থমন্ত্রী

আইএমএফ, ভিসা নীতি ও অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অর্থমন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের সুরক্ষা নিশ্চিত করেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে এগোবে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো শর্ত মেনে সরকার কোনো আন্তর্জাতিক কর্মসূচিতে যুক্ত হবে না।

রোববার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অর্থমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য ঋণ গ্রহণ নয়, বরং দেশের অর্থনীতি ও জনগণের স্বার্থ রক্ষা করা। তিনি জানান, আইএমএফের সঙ্গে এমন একটি নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে, যেখানে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

অর্থমন্ত্রী দাবি করেন, আগের সরকারের সময়ে নেওয়া আইএমএফ কর্মসূচিতে এমন কিছু শর্ত ছিল, যা একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের জন্য গ্রহণযোগ্য ছিল না। সে কারণেই বর্তমান সরকার সেই কর্মসূচি থেকে সরে এসেছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যে কোনো আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা বা কর্মসূচিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে জনগণের অর্থনৈতিক স্বার্থ এবং দেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে অক্ষুণ্ন রাখা হবে।

এ সময় জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন সৎ, দক্ষ ও অভিজ্ঞ রাজনীতিবিদ। দেশের রাজনীতি ও সংসদীয় গণতন্ত্রে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

অর্থমন্ত্রী আরও জানান, বিনিয়োগ, পর্যটন ও আন্তর্জাতিক যোগাযোগ সহজ করতে সরকারের বর্তমান ভিসা নীতিতে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। তাঁর মতে, ভিসা ব্যবস্থা আরও আধুনিক ও সহজ করা গেলে বিদেশি পর্যটক এবং বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ আরও আকর্ষণীয় হয়ে উঠবে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন