ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ জুলাই) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের একজন প্রজ্ঞাবান, সৎ ও অভিজ্ঞ রাজনীতিক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকারসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করেছেন। পাশাপাশি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান দেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন।
তারেক রহমান আরও বলেন, রাজনৈতিক প্রতিকূলতা ও দমন-পীড়নের সময়েও তিনি দৃঢ়তা, প্রজ্ঞা ও সততার সঙ্গে জাতীয়তাবাদী রাজনীতির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার অবদান বিএনপির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
তিনি বলেন, তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সংসদীয় ব্যক্তিত্ব, দক্ষ রাজনীতিক ও প্রকৃত দেশপ্রেমিককে হারালো। তার আদর্শ, সততা, প্রজ্ঞা ও কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
সবশেষে প্রধানমন্ত্রী মহান আল্লাহর কাছে মরহুমের জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।