হাসপাতালে ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে হাসপাতালে গিয়ে দেখে এসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাধীন ডা. পাভেলের শারীরিক অবস্থার খোঁজ নেন।
এ সময় প্রধানমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার বর্তমান শারীরিক অবস্থা, চিকিৎসার অগ্রগতি এবং পরবর্তী চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। দ্রুত সুস্থতা কামনা করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করারও নির্দেশনা দেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার (৯ জুলাই) বগুড়ায় নিজ বাসায় হঠাৎ তীব্র বুকের ব্যথা অনুভব করলে ডা. পাভেলকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১০ জুলাই) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়।
বর্তমানে ইউনাইটেড হাসপাতালে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।