নিজের পুরোনো হোস্টেলে ফিরে আবেগাপ্লুত ডা. জুবাইদা রহমান

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) দিবস-২০২৬ উপলক্ষে কলেজের কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন তারা এবং ক্যাম্পাসের পুরোনো স্মৃতিও ভাগ করে নেন।
শনিবার (১১ জুলাই) সকালে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান মহিলা হোস্টেলে যান। মেডিকেলে অধ্যয়নকালে ডা. জুবাইদা রহমান এই হোস্টেলেই থাকতেন।
আগাম খবর পেয়ে হোস্টেলের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদাকে কাছে পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।
স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আগে যখন জুবাইদা রহমানকে মেডিকেলে পৌঁছে দিতেন, তখন তিনি সবসময় গাড়ির সামনের আসনেই বসতেন। আজও সেই পুরোনো স্মৃতির কথা মনে করে তাকে সামনে বসিয়েই ক্যাম্পাসে নিয়ে এসেছেন বলে জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনাও জানান।
নিজের শিক্ষাজীবনের স্মৃতি তুলে ধরে আবেগাপ্লুত হন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, এই ক্যাম্পাসে তার জীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে, তাই এখানে ফিরে পুরোনো অনেক স্মৃতি মনে পড়ছে।
বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনের নানা চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে মোকাবিলা করতে হবে। ব্যক্তিগত ক্ষোভ বা হতাশা পেছনে ফেলে ভবিষ্যতের লক্ষ্য অর্জনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজকে এমন উচ্চতায় নিয়ে যেতে হবে, যাতে আন্তর্জাতিক অঙ্গনেও এর চিকিৎসাসেবা ও শিক্ষা কার্যক্রম প্রশংসিত হয়।
অনুষ্ঠানের শেষদিকে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সঙ্গে স্মৃতিচারণের পাশাপাশি সেলফি তুলে মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন।
সূত্র: বাসস