বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Natun Kagoj

মসজিদে নববীর প্রাচীন ঘড়ি এখন মক্কার দর্শনার্থীদের আকর্ষণ

মসজিদে নববীর প্রাচীন ঘড়ি এখন মক্কার দর্শনার্থীদের আকর্ষণ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পবিত্র মক্কার দুই পবিত্র মসজিদ স্থাপত্য প্রদর্শনীতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে মসজিদে নববীর একটি বিরল ঐতিহাসিক ঘড়ি। প্রায় হিজরি ১২৭৭ (১৮৬০ খ্রিষ্টাব্দ) সালের এই নিদর্শনটি মসজিদে নববীর রক্ষণাবেক্ষণ, সময় নির্ধারণ ব্যবস্থা এবং আধুনিকায়নের দীর্ঘ ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

প্রদর্শনী কর্তৃপক্ষের মতে, এটি সেখানে প্রদর্শিত সবচেয়ে মূল্যবান ঐতিহাসিক নিদর্শনগুলোর একটি। বিশেষজ্ঞরা বলছেন, হিজরি ত্রয়োদশ শতকে মসজিদে নববীতে সময় গণনার পদ্ধতির গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ঘড়িটির বিশেষ গুরুত্ব রয়েছে। সে সময় নামাজের ওয়াক্ত নির্ধারণ ও দৈনন্দিন ইবাদতের সময়সূচি ঠিক রাখতে এটি ব্যবহৃত হতো। নিখুঁত যান্ত্রিক নির্মাণ ও শৈল্পিক নকশা তৎকালীন ঘড়ি তৈরির উচ্চমানের কারিগরি দক্ষতারও পরিচয় বহন করে।

মক্কায় আগত দেশি-বিদেশি দর্শনার্থীদের কাছে প্রদর্শনীটি এখন অন্যতম আকর্ষণ। এখানে দুই পবিত্র মসজিদের সেবায় ব্যবহৃত বিভিন্ন দুর্লভ ঐতিহাসিক নিদর্শন কাছ থেকে দেখার সুযোগ মিলছে, যা ইসলামের ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানার সুযোগ করে দিচ্ছে।

এ ছাড়া প্রদর্শনীতে সৌদি শাসনামলে দুই পবিত্র মসজিদের ব্যাপক সম্প্রসারণ, উন্নয়ন ও আধুনিকায়নের বিভিন্ন ধাপও তুলে ধরা হয়েছে। হজ ও ওমরাহ পালনকারীর সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় তাদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে যে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে, সেগুলোর ইতিহাসও এই প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন