বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-চীন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাইবার নিরাপত্তা, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারণে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও চীন। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও বিস্তৃত করার পাশাপাশি দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে মতবিনিময় হয়েছে।

এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য চীনে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি হস্তান্তর এবং প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন দুই পক্ষ।

বৈঠকে প্রথাগত সামরিক সহযোগিতার পাশাপাশি সাইবার নিরাপত্তা জোরদারে যৌথ উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা খাতে চীনের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন।

অন্যদিকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন