বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বাজারে চড়া মাছ-মাংস, নিয়ন্ত্রণে সবজি ও ডিমের দাম

বাজারে চড়া মাছ-মাংস, নিয়ন্ত্রণে সবজি ও ডিমের দাম
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে মুরগি ও বিভিন্ন ধরনের মাছের দাম বেড়েছে। বিশেষ করে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সবজি ও ডিমের বাজার তুলনামূলক স্থিতিশীল থাকলেও চাল ও ডালের দাম আগের মতোই উচ্চ পর্যায়ে রয়েছে।

বুধবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁও, মগবাজার ও কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বর্তমানে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকায়। এক সপ্তাহ আগে একই মুরগি বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকায়। সোনালি মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি সোনালি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৪০ টাকায়।

ডিমের বাজারে তেমন পরিবর্তন নেই। ফার্মের এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২৫ টাকায়, যা আগের সপ্তাহের দামের কাছাকাছি।

মাংসের বাজারেও উচ্চ মূল্য বজায় রয়েছে। গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, কোরবানির মাংস শেষ হয়ে যাওয়ায় মুরগির চাহিদা বেড়েছে। সেই তুলনায় সরবরাহ কম থাকায় পাইকারি বাজারে দাম বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

মাছের বাজারে ইলিশসহ বেশ কয়েকটি মাছের দাম এখনও সাধারণ ক্রেতার নাগালের বাইরে। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪০০ টাকা, বড় রুই ৪০০ থেকে ৪৫০ টাকা এবং ট্যাংরা মাছ ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে চাষের কই, তেলাপিয়া, পাঙাশ ও মাঝারি আকারের রুই মাছের দাম তুলনামূলক স্বাভাবিক রয়েছে।

সবজির বাজারে বেশিরভাগ পণ্যই ৪০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে বেগুন ও বরবটির দাম কেজিপ্রতি ৭০ থেকে ৯০ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।

মৌসুম না থাকায় টমেটোর দাম আরও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। এছাড়া আলুর দাম কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকায় পৌঁছেছে।

ব্যবসায়ীদের আশঙ্কা, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে সবজির দাম আরও বাড়তে পারে। অন্যদিকে চাল ও ডালের বাজারে এখনো উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন